শাস্ত্র মতে, বিশ্বসংসারের প্রতি অণু-পরমাণুতে বিরাজমান দেবাদিদেব মহাদেব। ভোলানাথের প্রিয় মাস শ্রাবণ হল ভক্তি ও আধ্যাত্মিক সাধনার পুণ্য লগ্ন। বিশ্বাস করা হয়, ভক্তের শ্রদ্ধার্ঘ্য গ্রহণে আশুতোষ অত্যন্ত প্রসন্ন। মাত্র এক ঘটি জলেই তুষ্ট হন তিনি। আর সেই জল ঢালার সময় নির্দিষ্ট কিছু শিবমন্ত্র উচ্চারণ করলে মেলে অক্ষয় পুণ্যফল।
ফাইল ছবি
কিন্তু কীভাবে সৃষ্টি হয়েছিল সর্বপাপহর ‘ওঁ নমঃ শিবায়’ মহামন্ত্রের? ভক্তদের বিশ্বাস, সৃষ্টি স্থিতি ও প্রলয়ের আধারস্বরূপ মহাদেবের মুখ থেকেই উদ্ভূত এই পঞ্চাক্ষরী মন্ত্র। শ্রাবণ মাসের শুভ যোগে মহাদেবের আরাধনায় মন্ত্রজপের গুরুত্ব অপরিসীম। আসুন জেনে নিই এই পুণ্য মাসে ভোলেবাবাকে তুষ্ট করার পাঁচটি অমোঘ মন্ত্র ও তার অর্থ।
১. ওঁ নমঃ শিবায়: পরম শান্তি ও আত্মশুদ্ধির উৎস। শিবলিঙ্গে জল ঢালার সময় পরম শ্রদ্ধায় এই পঞ্চাক্ষরী মন্ত্র জপ করা উচিত।
অর্থ: আমি দেবাদিদেব শিবকে প্রণাম জানাই।
মহিমা: এই মন্ত্র মানসিক স্থিরতা ও আত্মশুদ্ধি প্রদান করে। জীবনের যাবতীয় অস্থিরতা দূর করতে সাহায্য করে।
ফাইল ছবি
২. মহামৃত্যুঞ্জয় মন্ত্র: আধি-ব্যাধি হরণকারী সঞ্জীবনী শক্তি। শ্রাবণ মাসে রুদ্রাক্ষের মালায় প্রতিদিন এই মন্ত্র জপ অত্যন্ত শুভপ্রদ।
ওঁ ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্।
উর্বারুকমিব বন্ধ নান্মৃত্যোর্মুক্ষীয় মামৃতাৎ॥
অর্থ: আমি ত্রিনয়নধারী শিবের উপাসনা করি। তিনি আমায় ব্যাধি, ভয় ও কষ্ট থেকে মুক্ত করে দীর্ঘায়ু প্রদান করুন।
মহিমা: এই জপ জরা ও অকালমৃত্যুর ভয় দূর করে।
৩. শিব গায়ত্রী মন্ত্র: সদবুদ্ধি ও আলোর দিশা। মনকে শান্ত রাখতে ও সঠিক পথ দর্শনে শিব গায়ত্রী অত্যন্ত ফলদায়ী।
ওঁ তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ॥
অর্থ: আমরা মহাদেবের দিব্যরূপের ধ্যান করি। রুদ্র আমাদের বুদ্ধিকে সৎমার্গে পরিচালিত করুন।
মহিমা: এই মন্ত্র জপে চেতনার বিকাশ ঘটে।
ফাইল ছবি
৪. করপূরগৌরং মন্ত্র: জীবনরস ও ইতিবাচকতার সঞ্চার। শিবের অপূর্ব রূপবর্ণনার এই মন্ত্র জপে চিত্তের চঞ্চলতা নাশ হয়।
করপূরগৌরং করুণাবতারং সংসারসারং ভুজগেন্দ্রহারম্।
সদা বসন্তং হৃদয়ারবিন্দে ভবং ভবানীসহিতং নমামি॥
অর্থ: যিনি কর্পূরের মতো গৌরবর্ণ, করুণার অবতার, সেই ভবানীসহিত শিবকে হৃদয়ে প্রণাম জানাই।
মহিমা: এটি জীবনে ইতিবাচক শক্তি ফিরিয়ে আনে।
৫. ওঁ নমো ভগবতে রুদ্রায়: শক্তি ও সাহসের উৎস।
শ্রাবণ মাসে মহাদেবের রুদ্ররূপ সক্রিয় থাকে।
অর্থ: রুদ্ররূপী শিবকে আমার বারবার প্রণাম। তিনি আমাদের শক্তি দিন।
মহিমা: রুদ্রাক্ষের মালায় এই জপে ভক্তের অন্তরে সাহস জাগে।
