আচমকা বেপাত্তা। ২৪ দিন পর খোঁজ পাওয়া যায় পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee)। জানা গিয়েছে, দিল্লিতে এক বন্ধুর বাড়িতে ছিলেন তিনি। কেন হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত, নেপথ্যেই বা কারা, রবিবার এই প্রসঙ্গে ফেসবুক লাইভে মুখ খুললেন পরিচালক।
তিনি বলেন, "গত ৬-৭ বছর ধরে আমি সাইবার আক্রমণের শিকার। আমার সোশাল মিডিয়ায় বন্ধু কিংবা সহকর্মীর ছবি থাকলে কমেন্টে ভুয়ো অ্যাকাউন্ট থেকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হত। আমি পুলিশের দ্বারস্থ হই। কোনও সুরাহা হয়নি। সাইবার আক্রমণের রূপ বদলাতে থাকে। মিনিটে ১০০, ২০০, ৫০০ কদর্য কমেন্ট করা হত। হ্যাক করে আমার অ্যাকাউন্ট থেকে কদর্য ছবি, ভিডিও পোস্ট করা হত। তার ফলে সহকর্মী, বন্ধুর সঙ্গে মনোমালিন্য হয়। চাপের কাছে নতিস্বীকার করে নিজেকে গুটিয়ে নিই। প্রিমিয়ার, আড্ডায় যেতাম না। সোশাল মিডিয়ায় ছবি আসতে পারে, এমন কোনও জায়গায় যেতাম না। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। কাজের দিক থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকি" তার মাঝে ২০২৫ সালে সাড়ে চার মাসের মধ্যে বাবা এবং মাকে হারান পরিচালক। তাঁর দাবি, সেই সময়েও সাইবার আক্রমণের শিকার হন তিনি। তার ফলে ক্রমশ ভেঙে পড়েন পরিচালক।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন উৎসব। তারপর থেকে সোশাল মিডিয়ায় আক্রমণ আরও বাড়তে থাকে বলেই দাবি তাঁর। অভিযোগ, সেই সময় তাঁর স্ত্রীকেও নানারকম হেনস্তা, লাঞ্ছনার শিকার হতে হয়। তা ক্রমশ সাংঘাতিক পর্যায়ে পৌঁছতে থাকে। তার ফলে স্ত্রীর কাছে ক্রমশ হীনমন্যতায় ভুগতে থাকেন পরিচালক। আবারও পুলিশের দ্বারস্থ হন উৎসব। তদন্তও শুরু হয়। তবে মানসিক ধাক্কা সামলাতে পারেননি। সে কারণে গত ২ এপ্রিল বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন পরিচালক। বেশ কয়েকটি জায়গায় যান। অবশেষে দিল্লিতে বন্ধুর বাড়িতে পৌঁছন। পরে তাঁর তৎপরতায় স্ত্রী মৌপ্রিয়ার মাধ্যমে খবর পৌঁছয়। অবশেষে ২৪ দিন পর বাড়ি ফেরেন পরিচালক। এই সাইবার আক্রমণের নেপথ্যে তাঁর পরিচিত কেউ যুক্ত বলেও ইঙ্গিত দেন উৎসব। তবে কারও নামোল্লেখ করেননি। তবে সাইবার আক্রমণের ধাক্কায় বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত সঠিক নয় বলেই ভুল স্বীকার করেছেন উৎসব। আগামী দিনে স্ত্রী মৌপ্রিয়াকে পাশে নিয়ে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
