বিধানসভা ভোটের মুখে শোনা যাচ্ছিল তিনিই নাকি তৃণমূলের হয়ে ভোটে লড়বেন। প্রার্থীতালিকা ঘোষণার পর সে জল্পনা মিথ্যা বলে প্রমাণিত হয়। এরপর ভোটের আগে শাসক শিবিরের হয়ে নানা জায়গায় প্রচার করতে দেখা গিয়েছে তাঁকে। সোমবার ভোটের ফল। তার ঠিক ২৪ ঘণ্টা আগে ইমন সোশাল মিডিয়ায় ব্যক্তিগত জীবনের টুকরো ঝলকে উল্লেখ করলেন চ্যালেঞ্জের কথা।
বিষয়টা খোলসা করা যাক, রবিবার সোশাল মিডিয়ায় শরীরচর্চার ছবি ও ভিডিও শেয়ার করেন ইমন। লেখেন, "ওরা বলেছিল, তুমি পারবে না। আমি বলি, শুধু আমিই পারব।" তাঁর শরীরচর্চার টুকরো ঝলক দেখে খুশি অনুরাগীরা। তাঁর শারীরিক কসরতের প্রশংসা করেছেন অনেকেই।
ছোট থেকে গানই তাঁর ধ্যানজ্ঞান। গানচর্চা, অনুষ্ঠান, রেকর্ডিং নিয়ে দিনভর ব্যস্ততা। তা সত্ত্বেও শরীরচর্চা করতে ভোলেন না ইমন। তার টুকরো ঝলক মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় দেখা যায়। স্বামী নীলাঞ্জন প্রায় প্রতিদিন যোগাভ্যাস করেন। তাঁকে দেখেন অনুপ্রেরণা পান ইমন। করোনার সময় থেকে যোগব্যায়ামকে নিয়মিত অভ্যাস করে ফেলেন সঙ্গীতশিল্পী। একসময় নিজেই তিনি যোগাভ্যাস করতেন। বর্তমানে অবশ্য বরুণদেব মণ্ডলকে প্রশিক্ষক হিসাবে বাছেন ইমন। প্রতিদিন যোগাভ্যাস নিয়ে নতুন নতুন আবিষ্কারের চেষ্টা করেন। কীভাবে আরও নিখুঁত শরীরচর্চা করা যায়, তা নিয়ে প্রতিনিয়ত ভাবনাচিন্তা করেন ইমন। তারই টুকরো ঝলক অনুরাগীদের কাছে তুলে ধরলেন সঙ্গীতশিল্পী। যা দেখে মুগ্ধ প্রায় সকলেই। যা দেখে অনেকেই বলেন, যে রাঁধে, সে চুলও বাঁধে।
