সিনেমার আউটডোর লোকেশনে শুটিংয়ের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানা আবশ্যিক। কিন্তু, কিছু সময় বিচ্ছিন্ন ঘটনাও ঘটে যায়। সমস্যায় ইমরান হাসমির আসন্ন সিনেমার শুটিং সেট। হরিদ্বারে নতুন সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন অভিনেতা। যদিও কোন সিনেমার শুটিং চলছে তা জানা যায়নি। তবে সেখান থেকেই একটি ভিডিও সামাজিক মাধ্যমে দাবানলের গতিতে ভাইরাল। অভিযোগ, সেটে ব্যবহৃত একটি সাইনবোর্ড ঘিরে স্থানীয়দের আপত্তির জেরে উত্তেজনার সৃষ্টি হয়। শুটিং সেটে বিক্ষোভ দেখানোর নেপথ্য কারণ কী? সাইনবোর্ড কী এমন লেখা রয়েছে যাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে?
একাধিক মিডিয়া রিপোর্ট মোতাবেক, শুটিংয়ের জন্য একটি কৃত্রিম রেস্তরাঁর সেট তৈরি করা হয়েছিল। সেখানেই সাইনবোর্ডে লেখা ছিল 'ক্যাফে অ্যান্ড বার'। পবিত্র ধর্মীয় শহর হরিদ্বারে বার শব্দের ব্যবহারে আপত্তি জানিয়েছেন কিছু স্থানীয় বাসিন্দা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, স্থানীয়দের সঙ্গে প্রযোজনা দলের সদস্যরা বিতর্কে জড়িয়েছেন। ঘটনাস্থলে ইমরান হাশমিকে (Emraan Hashmi) দেখা না গেলেও নিরাপত্তারক্ষী এবং প্রযোজনা সংস্থার এক সদস্যকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
ইমরানের সেটে সমস্যা
স্থানীয়দের দাবি, 'বার' শব্দ ধর্মীয় মর্যাদায় আঘাত করে। সেটের সাইনবোর্ডটি নজরে আসতেই বিতর্কের সূত্রপাত বলেই খবর। তবে এই ঘটনায় এখনও কোনও প্রতিক্রিয়া দেননি ইমরান। উত্তরাখণ্ডে ভক্তদের সঙ্গে ইমরান হাসমির বেশ কিছু ভিডিওও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা থেকে নিশ্চিত বর্তমানে সেখানেই শুটিং করছেন অভিনেতা।
এই মুহূর্তে ইমরানের ঝুলিতে রয়েছে দুটি নতুন সিনেমা 'আওয়ারাপন ২' ও 'জি টু'। দিন কয়েক আগেই 'আওয়ারাপন ২'-এর নির্মাতারা জানিয়েছেন ইতিমধ্যেই সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। আগামী ১৪ অগাস্ট মুক্তি পাবে ইমরানের নতুন ছবি। একইদিনে মুক্তির পাবে সানি দেওলের সিনেমা 'বাতওয়ারা'। বক্স অফিসে দুটি ছবি প্রতিযোগিতায় সামিল হবে তা বলাই বাহুল্য।
