কখনও করণ জোহর তো কখনও পোশাকশিল্পী গৌরব গুপ্তর 'খোঁচা'! গত মার্চ মাসে 'কল মি বে সিজন ২'-এর প্রচারে যখন অনন্যা কথা বলছিলেন তখন করণ তাঁর নিতম্বে হাত দিয়ে টোকা মারেন। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। এবার অভিনেত্রীর উন্মুক্ত কোমরে চিমটি কাটেন পোশাকশিল্পী গৌরব গুপ্ত। ভিডিও প্রকাশ্যে আসতেই দ্বিধাবিভক্ত নেটভুবন। কেউ বলছেন এটা নিছক খুনসুটি তো কেউ আবার 'আপত্তিকর' স্পর্শ বলে মন্তব্য করেছেন।
১৭ জুলাই মুম্বইয়ে অনুষ্ঠিত হয়েছিল জমকালো ফ্যাশন শো। সেখানেই নতুন পোশাকের কালেকশন নিয়ে হাজির হয়েছিলেন পোশাকশিল্পী গৌরব গুপ্ত। আর সেই অনুষ্ঠানের শো-স্টপার ছিলেন চাঙ্কিকন্যা অনন্যা পাণ্ডে। মার্জার সরণিতে হেঁটে যখন গৌরবের সঙ্গে দাঁড়ান তখনই অনন্যার উন্মুক্ত কোমরে আঙুলের খোঁচা গৌরবের। এদিন 'ব্রাইডল লুক'-এ অনন্যার গ্ল্যামারাস লুক থেকে সত্যিই যেন কারও চোখ সরছিল না।
ঐতিহ্যবাহী সাজের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনই ছিল অনন্যার লুকের ইউএসপি তা বলাই বাহুল্য। ফ্যাশন শোয়ে উপস্থিত দর্শকের করতালিতে একেবারে মুখরিত অনুষ্ঠিতস্থল। তার মাঝেই আচমকা অনন্যার কোমর জড়িয়ে গৌরবের এই 'কেলোর কীর্তি'। এবারও অনন্যা সুকৌশলে পরিস্থিতি সামলে নেন। মুচকি হেসে গৌরবের থেকে কিছুটা দূরে সরে যান অনন্যা। তবে মুহূর্তটি ভাইরাল হতেই সোশালপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া।
‘কল মি বে সিজন ২’-এর প্রচারে অনন্যার নিতম্বে হাত দিয়ে টোকা মারেন করণ জোহর। সেই চর্চার রেশ কাটার আগেই অনন্যার কোমরে আচমকা হাত দেন করণ। সঙ্গে সঙ্গে অনন্যা হাত সরানোর চেষ্টা করেন। সেলেব প্যাপদের ক্যামেরায় সেই ‘অস্বস্তিকর’ মুহূর্ত লেন্সবন্দি হতেই নিন্দুকের নিশানা থেকে নিস্তার পাননি করণ।
