গোড়া থেকেই রণবীর কাপুরের 'রাম' অবতার নিয়ে চর্চা অন্তহীন। রঘুনন্দনের বেশে কাপুরনন্দনকে দেখে এযাবৎকাল ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই ভ্রুযুগল আন্দোলিত হয়েছে! কেউ 'গোমাংস ভক্ষণ করা' অভিনেতাকে রামের ভূমিকায় দেখে আপত্তি তুলেছিলেন, তো কারও কাছে বা আবার বেমানান ঠেকেছে রণবীরের লুক। যদিও রামের চরিত্র আত্মস্থ করতে কোনওরকম কসরত বাকি রাখেননি রণবীর কাপুর, তবে ঘোষণার পর থেকেই তাঁর অভিনীত 'রামায়ণ'-এর ভবিষ্যৎ নিয়ে সন্দেহপ্রকাশ করেছে সিনেদুনিয়ার একাংশ। ঝলক মুক্তির পরও তার ব্যতিক্রম হয়নি। এবার রণবীর কাপুরের 'রামায়ণ' নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন ইমতিয়াজ আলি।
"আশা করি, ভবিষ্যতেও ও সবধরণের চরিত্রে অভিনয় করবেন। এবং রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করায় আমি খুব খুশি।"
'রামায়ণ'-এ রণবীর কাপুর।
রণবীর এইমুহূর্তে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতা। একের পর এক মেগাবাজেট প্রজেক্ট তাঁর হাতে। এহেন 'ব্লকবাস্টার' নায়কের ওপর 'রামায়ণ'-এর দায়িত্ব সঁপে কি ভুল করেছেন পরিচালক নীতেশ তিওয়ারি? এহেন প্রশ্ন যখন মাঝেমধ্যেই ফিল্মি দুনিয়ায় চাগাড় দেয়, তখন রণবীর কাপুরের 'রাম' অবতার নিয়ে বড় কথা বললেন ইমতিয়াজ আলি। রণবীরের সঙ্গে 'তামাশা', 'রকস্টার'-এর মতো হিট সিনেমায় কাজ করেছেন পরিচালক। অতঃপর অভিনেতার নাড়িস্পন্দন তাঁর ভালোই জানা। সেই প্রেক্ষিতেই ইমতিয়াজ জানালেন, কেন 'রামায়ণ' ছবিতে কাজ করা রণবীর কাপুরের কেরিয়ার গ্রাফের জন্য লাভজনক হবে?
ইমতিয়াজ আলির মন্তব্য, "একজন অভিনেতা হিসেবে রণবীর যে কোনও চরিত্রে অভিনয় করতে পারেন। বরং ওঁর আরও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করা উচিত। কারণ রণবীর ভার্সেটাইল অভিনেতা হিসেবে যখন যে চরিত্রে অভিনয় করেন, তখন সেটায় ঢুকে যান। খাঁটি অভিনেতা বলতে যা বোঝায় রণবীর সেরকমই। আশা করি ভবিষ্যতেও ও সবধরণের চরিত্রে অভিনয় করবেন। এবং রণবীর ভগবান রামের চরিত্রে অভিনয় করায় আমি খুব খুশি। কারণ রামের ভূমিকায় বাস্তবতা ফুটিয়ে তুলতে পারে একমাত্র ও-ই। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে রামের চরিত্রকে মানবিকভাবে তুলে ধরতে ওঁর এই প্রয়াস বেশ চমৎকার।" এখানেই অবশ্য থামেননি ইমতিয়াজ, রামের চরিত্রে অভিনয় যে মানুষ হিসেবেও রণবীরকে আরও সমৃদ্ধ করে তুলবে, সে বিষয়েও নিশ্চিত পরিচালক।
ইমতিয়াজ আলি। ফাইল ছবি
“বিষ্ণুর বিভিন্ন অবতার। ভগবান রামের ঠিক পূর্ববর্তী অবতার ছিলেন পরশুরাম। এই দুই পৌরাণিক চরিত্রের মেজাজ স্বতন্ত্র। আমি রামের ভূমিকায় কীভাবে অভিনয় করার সুযোগ পেলাম, এটা তো সকলেই জানেন। কিন্তু পরশুরামের ভূমিকায় অভিনয়ের অভিজ্ঞতাও অসাধারণ।”
খবর, ৪ হাজার কোটি বাজেটের সিনেমায় দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সদ্য মুক্তিপ্রাপ্ত ঝলকে অবশ্য অভিনেতার দ্বৈত ভূমিকার আভাস পাওয়া গিয়েছিল, কিন্তু নির্মাতারা সে সম্পর্কে এযাবৎকাল ‘টুঁ’ শব্দটি করেননি! ঝলক উন্মোচনের পর অভিনেতা জানান, এই সিনেমায় বিষ্ণুর আরেক অবতার পরশুরামকেও দেখানো হবে। রঘুনন্দনের পাশাপাশি সেই ভূমিকাতেও অভিনয় করেছেন রণবীর কাপুর। অভিনেতার মন্তব্য, “বিষ্ণুর বিভিন্ন অবতার। ভগবান রামের ঠিক পূর্ববর্তী অবতার ছিলেন পরশুরাম। এই দুই পৌরাণিক চরিত্রের মেজাজ স্বতন্ত্র। আমি রামের ভূমিকায় কীভাবে অভিনয় করার সুযোগ পেলাম, এটা তো সকলেই জানেন। কিন্তু পরশুরামের ভূমিকায় অভিনয়ের অভিজ্ঞতাও অসাধারণ।” কীভাবে দ্বৈত চরিত্রের জন্য নিজেকে প্রস্তুত করলেন রণবীর? এপ্রসঙ্গে অভিনেতার মন্তব্য, “একজন অভিনেতা হিসেবে যে কোনও চরিত্র চিত্রায়ণের জন্য শরীরী ভাষা ছাড়াও সংশ্লিষ্ট চরিত্রগুলির আধ্যাত্মিক দিকগুলো গভীরভাবে আত্মস্থ করা দরকার। ‘রামায়ণ’-এর শুটিং শুরুর আগে পুরো এক বছর ধরে আমি ঠিক এই কাজটাই করে গিয়েছি। রাম হোক কিংবা পরশুরাম, কোন চরিত্রের কীরকম আদর্শ? সেগুলোর মজ্জায় ঢুকে বোঝার চেষ্টা করেছি।”
