পথিকৃৎ বসুর পরিচালনায় 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' (Keu Bole Biplobi Keu Bole Dakat Teaser) ছবিতে জিৎ যে পর্দায় দেশপ্রেমের গাথা ফুটিয়ে তুলবেন, সেখবর জানাই ছিল। যে ছবিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় ধরা দেবেন টলিউড সুপারস্টার। বিপ্লবী বেশে কেমন লাগবে জিৎকে? সিনেমা ঘোষণার পর থেকেই বাংলার সিনেদর্শকদের কৌতূহল তুঙ্গে। অবশেষে বৃহস্পতিবার, একই অঙ্গে বহু রূপ নিয়ে প্রকাশ্যে এলেন জিৎ। কখনও বিপ্লবী আবার কখনও বা ডাকাত বেশে ব্রিটিশ রাজের বিরুদ্ধে মারকাটারি অ্যাকশন করতে দেখা গেল অভিনেতাকে।
জিতের মন্তব্য, "শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব।..."
ঝলকের একেবারে শুরুতেই নেপথ্যকণ্ঠে শোনা গেল আকাশবাণী কলকাতার সতর্কবার্তা। যেখানে শহরে একের পর এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনার কথা তুলে ধরা হচ্ছে। এরপরই স্ক্রিনে ফুটে উঠল ব্রিটিশ শাসকের নির্মম অত্যাচারের কিছু দৃশ্য। আর সেই অশান্ত আবহেই লাল ছাতা হাতে অবতরণ করলেন বিপ্লবী অনন্ত লাল সিং। যিনি ইংরেজ সরকারের কাছে আতঙ্কের আরেক নাম বললেও অত্যুক্তি হয় না। এরপরই 'বন্দে মাতরম' স্লোগান দিয়ে ধুতি পরে ধুন্ধুমার অ্যাকশনে ব্রিটিশ শাসকের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে দেখা গেল 'অন্তত সিং' জিৎকে। উল্লেখ্যে, আগেই জানা গিয়েছিল যে এই সিনেমায় বিপ্লবী কিংবা ডাকাত বেশে একাধিক লুকে দেখা যাবে অভিনেতাকে। তখন থেকেই শুরু হয় অনুরাগীদের অপেক্ষার প্রহর। এবার বৃহস্পতিবার মুক্তিপ্রাপ্ত ঝলকে জিতের বিভিন্ন বয়সের লুক ফাঁস করলেন পরিচালক পথিকৃৎ বসু। জিতের চেহারায় সোমনাথ কুণ্ডুর প্রস্থেটিক মেকআপ দেখে জিৎ অনুরাগীদের ভবিষ্যদ্বাণী, চলতি বছরের গ্রীষ্মকালীন বক্স অফিসের দখল নেবেন সুপারস্টার! অতঃপর 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'-এর টিজারেই যে প্রত্যাশার পারদ চড়ালেন জিৎ, তা বলাই বাহুল্য।
অনন্ত লাল সিং বেশে জিৎ। ছবি- সংগৃহীত
ঐতিহাসিক এই চরিত্রে অভিনয়ের জন্য নিজের মতো করে কড়া হোমওয়ার্ক করেছেন সুপারস্টার। পরিচালক পথিকৃৎ বসু সংবাদ প্রতিদিন ডট ইনকে জানিয়েছিলেন, জিৎ মুম্বইতে নিয়ম করে ফাইটমাস্টারের কাছে লাঠিখেলা শিখেছেন। পরিচালকের কথায়, "কোনও চরিত্রের জন্য এত নিষ্ঠা নিয়ে এর আগে কাউকে প্রশিক্ষণ নিতে দেখিনি।" আর জিতের সেসব কসরতের ঝলকই ফুটে উঠল টিজারে। ঝলক শেয়ার করে অভিনেতার মন্তব্য, "শাসকের হাতে যখন লেগে থাকে নিরীহ মানুষের রক্ত, বিপ্লবী তখন নিজেই হয়ে ওঠে বিপ্লব। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত অনন্ত সিংহের এ জীবনকাহিনী সেই বিপ্লবেরই আরেক নাম।" ঝলকের পাশাপাশি মুক্তির দিনক্ষণও জানালেন নির্মাতারা। আগামী ২৭ মে রিলিজ করছে 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'।
