shono
Advertisement
CM Vijay

ক্ষমতায় এসেই মদের দোকানে তালা! মুখ্যমন্ত্রী বিজয়ের উদ্যোগে অভিভূত কমল হাসানরা

স্কুল, মন্দির-মসজিদের কাছাকাছি মদের দোকান বন্ধ করতে হবে আগামী ২ সপ্তাহের মধ্যে- বিজয়ের নির্দেশিকায় 'মদ্যপানের অভিশাপমুক্ত তামিলনাড়ু' দেখছেন সিনেইন্ডাস্ট্রির সতীর্থ থেকে 'সিনিয়র'রা ।
Published By: Sandipta BhanjaPosted: 06:41 PM May 12, 2026Updated: 09:51 PM May 12, 2026

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে বসেই বড় পদক্ষেপ থলপতি বিজয়ের। দ্রাবিড়ভূমের মসনদে বসেই ধর্মীয়স্থান, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঁচশো মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকানে অবিলম্বে তালা ঝোলানোর নির্দেশিকা জারি করেছেন 'জন নায়াগন' বিজয়। আর শাসক পদে বসেই বিজয়ের এহেন উদ্যোগে প্রশংসায় পঞ্চমুখ তামিলভূমের সিনেইন্ডাস্ট্রির সতীর্থ থেকে 'সিনিয়র'রা ।

Advertisement

"চমৎকার একটি পদক্ষেপ! অসংখ্য ছাত্রী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছিল। বিশেষ করে আরকে নগর এলাকার এক ছাত্রীর কথা আমি জানি, যিনি অভিযোগ করেছিলেন, নিত্যদিন মদের দোকানের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় তাঁকে কী ভীষণ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হত।..." 

সোমবার থলপতি সরকারের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যের উপাসনাস্থল, শিক্ষা প্রতিষ্ঠান, বাসস্টপের ৫০০ মিটারের মধ্যে থাকা সমস্ত মদের দোকান বন্ধ করতে হবে। সময়সীমা আগামী ২ সপ্তাহ। এর মধ্যেই এই সরকারি নির্দেশিকা কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিজয়। ফলত, মুখ্যমন্ত্রীর এহেন কড়া নির্দেশের জেরে তামিলনাড়ুর ৭১৭টি মদের দোকানের দরজায় আপাতত তালা ঝোলার অপেক্ষা। তামিলনাড়ু সরকারের রিপোর্ট বলছে, সংশ্লিষ্ট রাজ্যে বর্তমানে মোট ৪,৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। বিজয় সরকারের নির্দেশের পর এর মধ্যে ৭১৭টি মদের দোকান বন্ধ হচ্ছে। এই তালিকার মধ্যে রয়েছে বিভিন্ন উপাসনাস্থলের সামনে ২৭৬টি দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে রয়েছে ১৮৬টি ও বাস স্ট্যান্ডের কাছে রয়েছে ২৫৫টি মদের দোকান। আগামী দু' সপ্তাহের মধ্যে যেগুলি বন্ধ হতে চলেছে। ওয়াকিবহালমহল বলছে, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটাই বিজয় সরকারের প্রথম সামাজিক সংস্কারমূলক পদক্ষেপ। যার একমাত্র লক্ষ্য, জনবহুল ও সংবেদনশীল এলাকায় মদের সহজলভ্যতা বন্ধ করা। থলপতির এহেন উদ্যোগে রাজ্যে অপরাধমূলক কাজ বন্ধ হবে, বলেই মনে করছেন তামিল সিনেইন্ডাস্ট্রির সদস্যরা।

ভোটে জিতে থলপতি বিজয়।

"দায়িত্ব গ্রহণের পরই অবিলম্বে এহেন পদক্ষেপ নিয়ে ঠিক সেই প্রত্যাশাই পূরণ করল তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের ভাই বিজয়। মদ বিক্রি কখনোই সরকারের কাজ হওয়া উচিত নয়, বরং মদের সরবরাহ নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া উচিত সরকারের।..." 

কমল হাসান বলছেন, "তামিল পরিবারগুলির দীর্ঘদিনের প্রত্যাশা ছিল যে, উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের নিকটবর্তী মদের দোকানগুলো সরিয়ে ফেলা হোক। আর দায়িত্ব গ্রহণের পরই অবিলম্বে এহেন পদক্ষেপ নিয়ে ঠিক সেই প্রত্যাশাই পূরণ করল তামিলনাড়ুর মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের ভাই বিজয়। মদ বিক্রি কখনোই সরকারের কাজ হওয়া উচিত নয়, বরং মদের সরবরাহ নিয়ন্ত্রণের দায়িত্ব নেওয়া উচিত সরকারের। তামিলনাড়ু সরকারকে অবশ্যই এই লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আজ ৭১৭টি মদের দোকান বন্ধ করার মধ্য দিয়ে সেই প্রক্রিয়ার সূচনা হল। ভবিষ্যতে অতি অবশ্যই এর সংখ্যা আরও বাড়াতে হবে। এই কার্যক্রম অব্যাহত রাখতে হবে। বিজয়কে অভিনন্দন।"

অন্যদিকে, অভিনেতা বিশালও সতীর্থ বিজয়কে কুর্নিশ জানিয়ে সোশাল মিডিয়া অ্যাকাউন্টে কলম ধরেছেন। তাঁর মন্তব্য, "সাধুবাদ জানাচ্ছি, বিজয় (CM Vijay) আপনার জন্য উচ্ছ্বসিত। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় মহোদয়, ৭১৭টি মদের দোকান— বিশেষ করে স্কুলের কাছাকাছি থাকা দোকানগুলো বন্ধ করার নির্দেশ দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। কী চমৎকার একটি পদক্ষেপ! অসংখ্য ছাত্রী প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছিল। বিশেষ করে আরকে নগর এলাকার এক ছাত্রীর কথা আমি জানি, যিনি অভিযোগ করেছিলেন, নিত্যদিন মদের দোকানের পাশ দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় তাকে কী ভীষণ মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হত। সেই ছাত্রী এবং সাধারণ জনগণের আরও অনেকেই আজ আপনার এহেন সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করবে নিশ্চিত। আমাদের মুখ্যমন্ত্রীর এহেন সিদ্ধান্তের ফলে মদ্যপানের অভিশাপ থেকেও মুক্তি পাবে তামিলনাড়ু। আর এই সুবাদে রাজ্যের অসংখ্য মানুষের মুখে ফুটে উঠবে এক অমলিন হাসি। ঈশ্বর আপনার মঙ্গল করুন, বিজয়।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement