shono
Advertisement
Kamal Hasan

'নিজের চরকায় তেল দিন', রুশ তেল কেনার 'অনুমতি' প্রসঙ্গে ট্রাম্পকে তুলোধোনা কমল হাসানের

যুদ্ধের আবহে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ভারতের প্রয়োজনের অর্ধেক তেলই ওই পথ দিয়ে আমদানি করা হয়। তাই ৩০ দিনের জন্য ভারত রুশ তেল কিনতে পারে বলে জানিয়েছে আমেরিকা।
Published By: Anwesha AdhikaryPosted: 01:15 PM Mar 08, 2026Updated: 05:37 PM Mar 08, 2026

নিজের চরকায় তেল দিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে একথাই বললেন অভিনেতা-সাংসদ কমল হাসান (Kamal Hasan)। শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চাপ কামানোর জন্যই ভারতকে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িকভাবে অনুমতি দেওয়া হয়েছে। এই মন্তব্যকেই তুলোধোনা করে অভিনেতা বলেন, ভারত বিদেশিদের থেকে অনুমতি নেয় না। মাননীয় প্রেসিডেন্টর উচিত নিজের চরকায় তেল দেওয়া।

Advertisement

রবিবার এক্স হ্যান্ডেলে কমল হাসান লেখেন, 'মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। স্বাধীন এবং সার্বভৌম এক দেশের নাগরিক। আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।' এখানেই শেষ নয়। ইরান যুদ্ধের আবহে ট্রাম্পের রণংদেহি মেজাজকে খোঁচা দিয়ে অভিনেতা লেখেন, 'সার্বভৌম দেশগুলির মধ্যে পারস্পরিক সম্মান বজায় রাখলে তবেই দীর্ঘমেয়াদি বিশ্বশান্তি প্রতিষ্ঠিত হয়। আপনার দেশ এবং সেখানকার নাগরিকদের শান্তি কামনা করি।'

রুশ তেল কেনা নিয়ে ভারত এবং আমেরিকার দীর্ঘ টানাপোড়েন রয়েছে। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরেই আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়া প্রশ্ন তুলেছিল, ভারত কেন রাশিয়া থেকে তেল আমদানি করে? সেসময়ে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছিল, জাতীয় স্বার্থ সুরক্ষিত রাখতে যেখান থেকে প্রয়োজন সেখান থেকেই তেল কিনবে ভারত। কিন্তু গতবছর রুশ তেল আমদানির শাস্তি হিসাবে ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক চাপায় আমেরিকা। চলতি বছরের শুরুতে ট্রাম্প জানান, ভারত রুশ তেল কেনা বন্ধ করে দেবে এই শর্তেই ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি স্বাক্ষরিত হতে চলেছে।

কিন্তু যুদ্ধের আবহে হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে দিয়েছে ইরান। ভারতের প্রয়োজনের অর্ধেক তেলই ওই পথ দিয়ে আমদানি করা হয়। তাই ৩০ দিনের জন্য ভারত রুশ তেল কিনতে পারে বলে জানিয়েছে আমেরিকা। ট্রাম্প বলেন, “যুদ্ধের জেরে উত্তপ্ত পশ্চিম এশিয়া এবং উপসাগরীয় অঞ্চল। ফলে তেল সরবরাহ ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চাপ কামানোর জন্যই ভারতে রাশিয়া থেকে তেল কেনায় সাময়িকভাবে অনুমতি দেওয়া হয়েছে।” এই মন্তব্যেই ক্ষুব্ধ কমল হাসান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement