কঙ্গনা রানাউত (Kangana Ranaut) আর বিতর্ক যেন সাম্প্রতিক সময়ে পরস্পরের সমার্থক হয়ে উঠেছে। নিট কেলেঙ্কারি ইস্যুতে আন্দোলন থেকে কৃতী শ্যাননের রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্ক, রামদেব-কঙ্গনা দ্বন্দ্ব বারবার উঠে আসছে আলোচনার কেন্দ্রে। মাণ্ডির সাংসদ হিসেবে নতুন জার্নি শুরুর পর রাজনৈতিক বিষয়ে 'বিতর্কিত' মন্তব্য ঘিরে একাধিকবার কটাক্ষের সম্মুখীন হয়েছেন কঙ্গনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী ও রাজনীতিক, দুই ভিন্ন সত্তা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত। বলিউডের 'ক্যুইন' কঙ্গনার অকপট স্বীকারোক্তি, "আমি পুতুল নই।"
অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, ভবিষ্যতে ভারতীয় জনতা পার্টি তাঁর পাশে নাও থাকতে পারে। একইসঙ্গে তিনি দাবি করেছেন, বহু চলচ্চিত্র পরিচালকের নজরে আজও তিনি একজন কাঙ্ক্ষিত অভিনেত্রী। এযাবৎকাল কঙ্গনার মন্তব্য বিতর্ক তৈরি হচ্ছে। এপ্রসঙ্গে কঙ্গনার অভিমত, ব্যক্তিগত মতামত এবং দলের অবস্থানের মধ্যে অনেক সময় পার্থক্য দেখা যায়। তবে তাঁর প্রাথমিক পরিচয় আজও দীর্ঘ ২০ বছরের অভিনয়জীবন।
দু'বছরের রাজনৈতিক কেরিয়ার নয়। আরও একটু স্পষ্ট করে বলেন, "আমি আমার দল থেকে দূরে সরে যেতে চাই এমনটা নয়। কিন্তু একইসঙ্গে আমি মনে করি, যখন কোনও ইস্যু নিয়ে চর্চা হয় তখন নিজের মতামতও জোরাল কণ্ঠে পরিবেশন করতে হয়। তাই মাঝে মাঝে আমি কিছু শক্তিশালী মন্তব্য করে ফেলি।"
কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম
কঙ্গনার সংযোজন, "আমি ইচ্ছাকৃতভাবে দলের অবস্থান থেকে সরে যেতে চাই না। কিন্তু কখনও যদি সরে যাই, তাহলে একজন ব্যক্তি হিসেবে মনে রাখতে হবে যে আমি কোনও পুতুল নই। আজ বিজেপি আমার সঙ্গে আছে, কাল হয়ত নাও থাকতে পারে। আমি মাত্র দু'বছরের সাংসদ। অন্যদিকে, ২০ বছর ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। আমার নিজস্ব পরিচয় রয়েছে।"
রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও অভিনয়জগতের সঙ্গে তাঁর বন্ধন আজও অটুট। এই মর্মে কঙ্গনার বক্তব্য, "আমি এখনও বহু পরিচালকের কাছে অত্যন্ত আকাঙ্ক্ষিত অভিনেত্রী। তাঁদের অনেকেই অপেক্ষা করছেন। আমাকে জিজ্ঞেস করেন, আপনি ইন্ডাস্ট্রি ছেড়ে দিলেন কেন? জীবনে তো অনেক কিছু করার আছে।"
অভিনয়ে কামব্যাক করলে 'খান' বা 'কুমার'- এর বিপরীতে নায়িকা হবেন না সেই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন কঙ্গনা। বয়েসর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নায়কের সঙ্গেই কাজ করবেন। আগামী দশ বছরের পরিকল্পনা নিয়ে এখনই কিছু নিশ্চিতভাবে কিছু বলতে চান না কঙ্গনা। তবে নিজের প্রযোজনা সংস্থার মাধ্যমে তিনি এখনও সৃজনশীল স্বাধীনতা বজায় রেখেছেন সেই বিষয়টি উত্থাপন করেন কঙ্গনা।
কৃতী শ্যাননের রাখির বিজ্ঞাপনে পোশাক বিতর্ক নিয়ে প্রশ্ন করলে খানিকটা এড়িয়ে যান। তবে বিতর্কের মাঝে ভাইরাল কঙ্গনার পুরনো একটি বিজ্ঞাপন, যেখানে রাখিবন্ধন উৎসবে উন্মুক্ত অভিনেত্রীর বক্ষবিভাজিকা। এরপরই সমাজমাধ্যমে প্রশ্নের মুখে সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত।
