সদ্য সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা রানাউতের চরিত্রের একটি লুক। যা ঘিরে সমাজমাধ্যমে ব্যাপক চর্চার সৃষ্টি হয়। নেপথ্যে ছিল অভিনেত্রীর গলার মঙ্গলসূত্র। চুপিসারে বিয়ের জল্পনা জোরাল হতেই সেই গুঞ্জন নস্যাৎ করে দেন। অনেকের মতে, 'ক্যুইন'-এর সিক্যুয়েলের শুটিংয়ের লুক ফাঁস। চর্চার মাঝেই প্রকাশ্যে কঙ্গনার নতুন ছবি মোশন পোস্টার। যা দেখে ভক্তরা একটাই কথা বলছেন, 'ক্যুইন ইজ ব্যাক'। কোন ছবির পোস্টার দেখে এমন মন্তব্য অনুরাগীদের?
'ভারত ভাগ্য বিধাতা' ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই নেটভুবনের চোখ আটকেছে কঙ্গনার লুকে। দীর্ঘ আঠারো বছর পর বড় পর্দায় ফিরছে ২৬/১১-এর মুম্বই হামলার সেই ভয়াবহতা। এই ছবিতে অভিনয় করেছেন মাণ্ডির সাংসদ ও অভিনেত্রী 'ক্যুইন' কঙ্গনা। ২৮ মে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার যেখানে নার্সের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। যিনি আতঙ্ক ও ধ্বংসের মাঝেও এক রোগীকে বাঁচাতে মরিয়া। ভয়ংকর পরিস্থিতিতে ফ্রন্টলাইন কর্মীদের সাহস, মানসিক শক্তি এবং মানবিকতার এক আবেগঘন কাহিনির ইঙ্গিত রয়েছে সিনেমার পোস্টারে।
২০০৮ সালের ২৬শে নভেম্বর, মায়ানগরী মুম্বই শিহরিত ও আতঙ্কিত। বাইরে যখন চরম বিশৃঙ্খলা তখন কামা হাসপাতালের ভেতর থেকে শুধু ভেসে এসেছে কাতর আর্তনাদ, প্রাণে বাঁচার জন্য আকুতি! এরকম কঠিন পরিস্থিতিতে হাসপাতালের কর্মী, নার্স, ওয়ার্ড বয়, পরিচ্ছন্নতাকর্মী, লিফট চালক, নিরাপত্তাকর্মী এবং প্রশাসনিক কর্মীরা একসঙ্গে হাতে হাত মিলিয়ে প্রায় চারশো জীবনের সুরক্ষাকবচ হিসেবে কাজ করেছিলেন। ভয় ও আতঙ্কের মাঝে যাঁরা নিরলস কাজ করেছেন এবং নিঃস্বার্থভাবে বহু মানুষের জীবন রক্ষার চেষ্টা করেছিলেন সেই সত্যকে কেন্দ্র করেই ‘ভারত ভাগ্য বিধাতা’র গল্প বুনেছেন পরিচালক মনোজ তাপাডিয়া।
সমাজের প্রকৃত নায়কদের উদ্দেশ্যে পোস্টারের ক্যাপশনে লেখা, 'অসাধারণ কাজ করেও তাঁরা সাধারণ মানুষ হিসেবেই থেকে যান। সকলে তাঁদের দেখেন কিন্তু, প্রকৃত মর্যাদা দেন না।' আগামী ১২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ভারত ভাগ্য বিধাতা’। এই ছবিতে কঙ্গনার সঙ্গে অভিনয় করেছেন গিরিজা ওক। প্রসঙ্গত, এর আগে কঙ্গনা রানাউতকে দেখা গিয়েছিল ‘ইমার্জেন্সি’-তে। সেই ছবিতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেন এবং ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের জরুরি অবস্থার সময়কালকে তুলে ধরেন। যদিও ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি।
