সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবরই সোজাসাপটা কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। এবার দেশের নবীন প্রজন্মকে দায়িত্বশীল করে তুলতে নতুন পন্থা বাতলালেন অভিনেত্রী।
কঙ্গনার কথায়, “স্নাতক হওয়ার পরই দেশে সেনা প্রশিক্ষণ নেওয়া অতি আবশ্যক হওয়া উচিত। তাহলেই নবীন প্রজন্ম কুঁড়েমি এবং দায়িত্বজ্ঞানহীনতা থেকে মুক্তি পাবে। সেই সময় থেকে যদি পড়ুয়াদের নিয়মানুবর্তিতা শেখানো হয়, তাহলে ভালো হয়। কারণ ওরাই তো দেশের ভবিষ্যৎ। শুধু তাই নয়, বলিউড সেলেব এবং ক্রিকেট তারকাদের আচার-আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন কঙ্গনা।
[আরও পড়ুন: ‘এক রাতেই সব পালটে গেল…’, ইজরায়েলের বিভীষিকাময় দিনের কথা নুসরতের মুখে]
অভিনেত্রীর মন্তব্য়, “বলিউড তারকারা যখন চিনের শিল্পীদের প্রশংসা করেন, ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের আলিঙ্গন করেন, তখন সীমান্তে বসে সেনা জওয়ানরা প্রশ্ন তোলেন- আমি কি একাই তাহলে চিন-পাকিস্তানকে শত্রু বলে মনে করি? দুই দেশের মধ্যে দ্বন্দ্ব, টানাপোড়েন কি শুধু আমার জন্যই? আর ঠিক সেই কারণেই উত্তর দিতে আমি ‘তেজস’ বানিয়েছি। সীমান্তে বসে যখন যুদ্ধ করছেন কোনও জওয়ান, তখন দেশের লোকেরাই ঘরে বসে তাঁর সম্পর্কে যখন কটুক্তি করেন, তখন তাঁর যে মানসিক পরিস্থিতি হয়, আমার ছবিতে দর্শকরা দেখতে পাবেন। বিদেশি দ্রব্যও বর্জন করা উচিত।”
এরপর কঙ্গনাকে দেখা যাবে ‘তেজস’-এ। সম্প্রতি ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে-তে প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। যুদ্ধ বিমানের পাইলটের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।
