রবিবাসরীয় বিকেলে আইপিএল ম্যাচ উপভোগ করতে মুম্বই-জার্সি গায়ে পরিবারের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। দর্শকের উল্লাস আর ম্যাচের উত্তেজনায় একেবারে জমজমাট ক্রিকেট সন্ধ্যা। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ (MI vs RCB) দেখতে গিয়ে মেজাজ হারান বেবো। সোশাল মিডিয়ায় হু হু করে ভাইরাল কয়েক মুহূর্তের সেই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, স্টেডিয়ামের ভিতরে লিফটের সামনে দাঁড়িয়ে সইফ, করিনা, ইব্রাহিম, তৈমুর। সেই সময় সেখানে অনেকেই সেলেব দম্পতির সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। এই ঘটনাতেই রেগে কাঁই নবাবপত্নী।
হইচইয়ের মাঝে করিনা যে অস্বস্তিতে পড়েছেন সেটা কিন্তু ভিডিওতে বেশ স্পষ্ট। রীতিমতো উত্তেজিত হয়ে কথা বলছেন, তবে সইফ কিন্তু হাসি মুখেই অনুরাগীদের আবদার মিটিয়েছেন। সেই মুহূর্তটাও সকলের নজর কেড়েছে। শুধুমাত্র অনুরাগীদের সেলফি আবদারের জন্যই নাকি তৈমুরকেও ক্যামেরাবন্দি করার প্রয়াসও রাগের অন্যতম কারণ? সেটা অবশ্য পরিস্কার নয়।
একরাশ বিরক্তি নিয়ে সইফের দিকে তাকিয়ে করিনাকে বলতে শোনা যায়,"হচ্ছেটা কী?" কিছুক্ষণের মধ্যেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে আর হাসি মুখে সকলেই লিফটে উঠে পড়েন। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, লিফটের ভিতরে পাল রেখেই নিজের চুল ঠিকঠাক করে নিলেন করিনা। সবচেয়ে মজার বিষয় ছোট্ট তৈমুরও কিন্তু, হাত নিয়ে নিজের চুলটা ঠিক করে নিল।
ম্যাচের প্রাক্কালের বাকবিতণ্ডা ম্যাচ চলাকালীন কোনও প্রভাব করিনা বা তাঁর পরিবারের উপর পড়েনি। গ্যালারিতে হাসিমুখে সইফ-ইব্রাহিমদের সঙ্গে খেলা উপভোগ করার মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন নবাব ঘরনি। উল্লেখ্য, করিনা যে ক্রিকেটপ্রেমী সে কথা আজ আর নতুন করে বলার অপেক্ষাই রাখে না।
দর্শকের উল্লাস, আর ম্যাচের উত্তেজনায় একেবারে জমজমাট ক্রিকেট সন্ধ্যা। কিন্তু, মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচ দেখতে গিয়ে রেগে কাঁই বেবো।
কাজে ফুরসৎ পেলেই গ্যালারিতে বসে পরিবারের সঙ্গে ম্যাচ দেখতে চলে আসেন। শুধু তাই নয়, পছন্দের টিমকে গ্যালারি থেকেই উৎসাহ দিতে থাকেন। করিনাকে শেষ দেখা গিয়েছে ২০২৪-এ মুক্তিপ্রাপ্ত 'ক্রিউ'তে। সেই বছরই মুক্তি পেয়েছে 'বাকিংহাম মার্ডার্স'। মেঘনা গুলজারের আসন্ন ক্রাইম ড্রামা 'দায়রা'র শুটিং সদ্য শেষ করেছেন করিনা। চলতি বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
