অচেনা কোনও লিংকে কখনওই ক্লিক করা উচিত নয়, সোশাল মিডিয়ায় বিশেষ পরামর্শ অভিনেত্রী মৌবনী সরকারের। কিন্তু কেন? সংবাদ প্রতিদিন ডিজিটাল-এর তরফে যোগাযোগ করা হয় মৌবনীর সঙ্গে। সে যেন এক 'ম্যাজিক্যাল মোমেন্ট'! জুনিয়ার পিসি সরকারের কন্যা মৌবনী উপস্থিত বুদ্ধির জেরে মোটা টাকা ক্ষতির হাত থেকে বরাতজোরে রক্ষা পেলেন।
সোশাল মিডিয়ায় মৌবনীর শেয়ার করা সতর্কবার্তার নেপথ্যে থাকা সেই সাংঘাতিক ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, "ব্যাঙ্কের নাম করে ফোন কল পেয়ে ঘাবড়ে যান। তাঁর অ্যকাউন্ট নাকি বন্ধ করে দেওয়া হবে। তাই তড়িঘড়ি হোয়াটসঅ্যাপেই আইটেস্টের পরামর্শ। সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে চলে এল এপিকে ফাইল। সেই মুহূর্তেই আমি আর আমার হাজব্যান্ড দু'জনেই নড়েচড়ে বসলাম। ও বলল লিংকে ক্লিক করা ঠিক হবে না। পরে বুঝলাম যদি ক্লিক করতাম তাহলে আমার ফোনের সমস্ত ডেটা লিক হয়ে যেত। কারণ ওই ফাইলটা ভাইরাসে ভর্তি।"
খানিকটা বিরক্তির সুরে মৌবনীর সংযোজন, "যারা ফোন করেছিল তারা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সব কিছু জানে। আরও একটা ব্যাঙ্কের অ্যাকাউন্টের ডিটেল ওদের কাছে রয়েছে। আজকাল আখছাড় এই ধরনের বিভ্রান্তিকর ফোন আসে। কিন্তু সবসময় তো সকলের পক্ষে ওই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব নয়। ভুলবশত ক্লিক করে ফেললেই সর্বনাশ। আমার ভাগ্য ভালো যে সেই সময় পাশে আমার হাজব্যান্ড ছিল। ওঁর পরামর্শেই আমি আর এই লিংকে ক্লিক করিনি। তাছাড়া আমারও মনে হচ্ছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করতে এভাবে হোয়াটসঅ্যাপে আই টেস্ট! যাই হোক এই যাত্রায় রক্ষা পেলাম।"
এই ধরনের ভুয়ো ফোনের বাড়বাড়ন্ত প্রসঙ্গে মৌবনী সরকার আরও যোগ করেন, "কয়েকদিন আগে একটি অনলাইন শপিং পোর্টালে ওঁর জন্য একটা শার্ট পছন্দ হয়েছিল। সেল চলছিল বলে ভাবলাম কিনে নিই। পছন্দ হওয়ার আরও একটা কারণ ছিল দামটা অনেক কম। কিন্তু, যখন ওকে দেখালাম তখন খেয়াল করল শার্টের সাইজগুলো খুবই অদ্ভুত। এরপর দু'জনেই ভাল করে সাইট ঘাটতেই দেখলাম অত্যন্ত খারাপ রিভিউ। পার্সেলই নাকি আসছে না। মা-বোনও এই ধরনের সমস্যা নিয়ে বেশ কয়েকবার বলেছে। আমার মনে হয়, পলিটিক্যাল ইস্যুগুলো যখন প্রকট হয় তখন এই ধরনের ঘটনাও অনেকাংশে বেড়ে যায়।"
