টলিউডে জব্বর খবর! পর্দায় ফের 'কাকাবাবু' অবতারে প্রত্যাবর্তন ঘটতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)। ১৩ ফেব্রুয়ারি, শুক্রবার দর্শকদের সাক্ষী রেখেই 'কাকাবাবু'র পঞ্চম অভিযানের ঘোষণা করলেন নির্মাতারা। এবারও পরিচালনার দায়িত্বে চন্দ্রাশিষ রায়। প্রেক্ষাগৃহে যখন 'কাকাবাবু'র চতুর্থ ফ্র্যাঞ্চাইজি 'বিজয়নগরের হীরে' রমরমিয়ে চলছে, তার মাঝেই পঞ্চমতম ছবির ঘোষণা করলেন নির্মাতারা। এবার কাশ্মীরে 'ভয়ংকর সুন্দর' অভিযানে যাচ্ছেন রাজা রায়চৌধুরী।
শুক্রবার নন্দনে হল ভিজিটে গিয়েছিল টিম 'বিজয়নগরের হীরে'। সদ্য পদ্মশ্রী সম্মান প্রাপ্ত ‘কাকাবাবু’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও উপস্থিত ছিলেন সেখানে। তাঁকে ঘিরে দর্শকদের মধ্যে এহেন প্রবল উন্মাদনা, লক্ষণীয়। তার অন্যতম কারণ, আগের তিনবারের মতোই 'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ছবিটিও দারুণ সফল। দর্শক-সমালোচক উভয়পক্ষেরই ভালোবাসা অর্জন করেছে 'বিজয়নগরের হীরে'। এমন সময়েই এদিন কাকাবাবু সিরিজের পঞ্চম ছবির ঘোষণা হল। সিনেমার নাম 'ভয়ংকর সুন্দর'। জানা গেল, এবার এসভিএফ এবং এনআইডিয়াস-এর যৌথ প্রযোজনায় আসছে এই ছবি। এবারও বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় গোয়েন্দা চরিত্রে প্রাণ সঞ্চারের দায়িত্বে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবং সন্তুর চরিত্রটিও থাকছে ছবিতে।
'বিজয়নগরের হীরে' ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ছবি- ফেসবুক
'ভয়ংকর সুন্দর' সিনেমার মিউজিক করছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। এবারের গল্প অজানা কাশ্মীরের প্রেক্ষাপটে। তবে দর্শকদের জন্য যে আরও চমক অপেক্ষা করছে, তা নিশ্চিত। যা ক্রমশ প্রকাশ্য। প্রসেনজিৎ জানান, "কাকাবাবু শুধুই একটি চরিত্র নয়, বরং ইমোশন, যা প্রজন্মের পর প্রজন্মকে কানেক্ট করেছে। চতুর্থ ছবিটা যে ভালোবাসা পেয়েছে, আমরা আপ্লুত। দর্শকের মাঝে নতুন 'কাকাবাবু' ছবির ঘোষণা তাই আরও স্পেশাল। এটা সকলের উদযাপন, প্রত্যেক ছবিতে যেন আমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের সৃষ্টির সেই পরম্পরা এগিয়ে নিয়ে যেতে পারি, যা আজও প্রাসঙ্গিক।" ২০২৭ সালে 'ভয়ংকর সুন্দর' ছবিটির মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
প্রসঙ্গত, ২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায় প্রথম উপহার দিয়েছিলেন ‘মিশর রহস্য’। তার পর ২০১৭ সালে মুক্তি পায় ‘ইয়েতি অভিযান’। তার প্রায় তিন বছর পর কাকাবাবুর বেশে ফেরেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। প্রত্যেকবারই রাজা রায়চৌধুরীর চরিত্রে তাঁর কাছ থেকে নতুন কিছু পেয়েছেন দর্শকরা। কাকাবাবুর টানে প্রেক্ষাগৃহে ভিড় জমিয়েছেন আট থেকে আশির দর্শকরা। এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ‘জঙ্গলের মধ্যে এক হোটেল’ কাহিনি অবলম্বনে ছবির চিত্রনাট্য সাজিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শেষ মুক্তিপ্রাপ্ত ছবির প্রেক্ষাপট ছিল ‘বিজয়নগরের হিরে’। এবার কাকাবাবুর অভিযানের প্রেক্ষাপট ভূস্বর্গ।
