গ্যাংস্টার দৌড়াত্ম্যে মুম্বইয়ের সেলেব পাড়ায় আতঙ্কের আবহ। ঠিক যেন নয়ের দশকের ছায়া! পুলিশের দ্বারস্থ হওয়ায় শুক্রবার সকালেই নতুন করে রোহিত শেট্টি এবং রণবীর সিংয়ের কাছে হুমকিবার্তা আসে। হাড়হিম অডিও ক্লিপে উল্লেখ, "এমন হাল করব, সাত জন্ম মনে রাখবি।" তার দিন কয়েক আগেই পাঁচ রাউন্ড গুলি চালিয়ে রোহিত শেট্টির বাড়ির কাচের বারান্দা ঝাঁজরা করে বুক ফুলিয়ে দায় স্বীকার করে নিয়েছিল কুখ্যাত বিষ্ণোই গ্যাং। কয়েকদিনের ব্যবধানে রণবীর সিংয়ের কাছেও ১০ কোটি চেয়ে হুমকিফোন আসে। এরপরই ঘটনার তদন্তে নামে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ।
"ওরা কখন, কোথায় যায়? কখন বাড়ি ফেরে আর কখন পরিবারের সঙ্গে সময় কাটায়? আমরা সব খোঁজ রাখি। এবার একটা ঘটনা ঘটলে, তোদের টনক নড়বে! একে একে তোদের সমস্ত কর্মীদের খুন করব।..."
এবার খবর, সংশ্লিষ্ট ঘটনায় দুই অভিনেতার ম্যানেজারের বয়ান রেকর্ড করা হয়েছে। যেহেতু শুক্রবার আসা অডিও ক্লিপে 'ম্যানেজারদের খুন করা'র হুমকি ছোড়া হয়েছিল। সেই প্রেক্ষিতেই শনিবার রোহিত-রণবীরের ম্যানেজারের বয়ান রেকর্ড করে মুম্বই পুলিশ। পাশাপাশি রোহিতের বাড়িতে হামলা চালানো চার অভিযুক্ত স্বপ্নিল সাকাত, আদিত্য গায়কী, সিদ্ধার্থ ইয়েনপুরে এবং সমর্থ পোমাজিকে নিয়ে অপরাধ দৃশ্যের পুনর্নিমাণও করা হয়। জেরায় তদন্তকারীরা জানতে পারেন, পুনে থেকে স্কুটার কিনে সড়কপথে সেটা মুম্বইতে চালান করেছিল ওই চার অভিযুক্ত। ঠিক কোন কোন জায়গায় তারা থেমেছে এবং শেষ পর্যন্ত ভিলে পার্লে স্টেশনের বাইরে পার্কিং করার পর কীভাবে সেই রাতে বলিউড পরিচালক রোহিত শেট্টির বাড়িতে হামলা চালায় তারা? এমন চাঞ্চল্যকর সব তথ্যের হদিশ পেয়েছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সূত্রের খবর, আদালতে প্রমাণ হিসেবে জমা দেওয়ার জন্য গোটা ঘটনার পুনর্নির্মাণের ভিডিও রেকর্ড করা হয়েছে।
ফের রোহিত-রণবীরকে হুমকি, ছবি- ইনস্টাগ্রাম
বলিউড মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সাতসকালে রোহিত শেট্টি, রণবীর সিং দু'জনের কাছেই যে 'অডিও ক্লিপ' আসে, সেখানে জনৈক ব্যক্তি 'হ্যারি বক্সার' বলে নিজের পরিচয় দিয়ে বলেন, “সময়মতো লাইনে আয়, নইলে এমন হাল করব যে তোর পরবর্তী সাত প্রজন্মও মনে রাখবে। রণবীর সিং, তুই তো লোককে উপদেশ দিতে খুব ভালোবাসিস। আর বলে-কয়ে থানায় পাঠাস অভিযোগ দায়ের করার জন্য। ঠিক আছে। তুইও অভিযোগ করেছিস থানায়। সমস্য়া নেই। দেখে নেব। এবার কান খুলে শুনে রাখ, তোর সঙ্গে যারা কাজ করে, এমনকী তোর ম্যানেজারের সব ঠিকুজি-কুষ্ঠী আমাদের কাছে আছে। ওরা কখন, কোথায় যায়? কখন বাড়ি ফেরে আর কখন পরিবারের সঙ্গে সময় কাটায়? আমরা সব খোঁজ রাখি। তাই এবার আমরা তোকে সরাসরি কিছু বলব না। তোর সঙ্গে যারা কাজ করে, সেসব কর্মচারীদের টার্গেট করব। এবার কিছু একটা ঘটলে, তোর টনক নড়বে! একে একে তোর সমস্ত কর্মীদের খুন করব। এখনও সময় আছে, লাইনে আয়।….” সংশ্লিষ্ট হুমকিবার্তায় রোহিত শেট্টির নামোল্লেখ করেও এই একই হুঁশিয়ারি দাগা হয়। এবার প্রশ্ন কে এই হ্যারি বক্সার?
পুলিশি সূত্র মারফৎ আগেই জানা গিয়েছিল যে, ১০ তারিখ রণবীর সিংয়ের ম্যানেজারের ফোনে আসা হাড়হিম করা ওই ‘অডিও নোটে’র নেপথ্যে কুখ্যাত গ্যাংস্টার ‘হ্যারি বক্সার’। যার আসল নাম হরি চাঁদ। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে এই ব্যক্তির দীর্ঘদিনের আঁতাঁত। জানা যায়, এই প্রথম নয়! হ্যারি বক্সার বিদেশে বসে ভিপিএন ব্যবহার করে এর আগেও বহুবার এমন আতঙ্কের আবহ তৈরি করেছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ ফরেনসিক রিপোর্টের অপেক্ষায় ছিল, তবে এবার নতুন হুমকিবার্তা আসায় স্পষ্ট যে, পুলিশের অনুমানই সঠিক। সলমন খান, কপিল শর্মার পর এবার বিষ্ণোইদের টার্গেটে রোহিত শেট্টি এবং রণবীর সিং। খবর প্রকাশ্যে আসতেই ফের টিনসেল টাউনে নয়ের দশকের দাউদ অধ্যায়ের মতোই আতঙ্কের পরিবেশ।
