shono
Advertisement

Breaking News

Rajnikanth and Kamal Haasan

চার দশক পরে পর্দায় একসঙ্গে রজনীকান্ত-কমল হাসান! আপ্লুত অনুরাগীরা

প্রোমোতে কমল হাসানের প্রশ্ন, 'ছবির নায়ক কে?'
Published By: Biswadip DeyPosted: 01:12 PM Feb 22, 2026Updated: 01:12 PM Feb 22, 2026

শেষবার তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল ১৯৮৫ সালে। 'গিরফতার' ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গেই রজনীকান্ত ও কমল হাসানকে স্ক্রিন শেয়ার করতে দেখেছিলেন অনুরাগীরা। এরপর কেটে গিয়েছে চারটি দশক। তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। আসছে 'কেএইচxআরকে'-র প্রোমো! যা দেখে আপ্লুত দুই মহাতারকার অনুরাগীরা।

Advertisement

ছবির পরিচালক 'জেলার'-খ্যাত নেলসন দিলীপ কুমার। সুরকার হিসেবে থাকছেন অনিরুদ্ধ। ছবির প্রোমো ইতিমধ্যেই মন জিতে নিয়েছে সকলের। কার্যতই অপেক্ষা শুরু হয়ে গিয়েছে ছবির মুক্তির। ঠিক কী দেখা গিয়েছে প্রোমোতে? সেখানে রেট্রো লুকে ধরা দিয়েছেন কমল-রজনী। রয়েছেন নেলসন-অনিরুদ্ধও। প্রথমে তাঁদেরই দেখা যায়। অনিরুদ্ধ চিন্তিত ছবিতে কী সুর দেবেন তা নিয়ে। নেলসন অবশ্য ভুল করে ভাবেন নায়িকা কে হবেন তা নিয়ে চিন্তিত অনিরুদ্ধ। কিন্তু সুরকার দুই আঙুলের একটি বেছে নিতে বলেন সুরের রাগ কোনটা হবে তা নিয়ে। এই আইডিয়া পছন্দ হয়ে যায় নেলসনের। তিনি একই ভাবে দুই আঙুলের দিকে তাকিয়ে দুই নায়ক নিয়ে ভাবতে থাকেন। ক্রমে আবহ বদলে যায়। সবাইকে চমকে দুরন্ত লুকে ধরা দেন রজনীকান্ত ও কমল হাসান। তাঁরা হেঁটে যান একটি গ্যারেজের ভিতর দিয়ে। সেখানে সুন্দরী, স্বল্পবেশীদের ভিড়। ক্রমে তাঁরা একটি গাড়িতে বসেন। দেখা যায় কমল বসেছেন চালকের আসনে।

গাড়ির পিছনে এসে বসেন নেলসন ও অনিরুদ্ধ। তাঁরা ছবির সুর নিয়ে কথা বলতে গেলে কমল হাসানের স্পষ্ট প্রশ্ন, ''আগে আমার প্রশ্নের জবাব দাও। ছবির নায়ক কে?'' একই প্রশ্নের পুনরাবৃত্তি করেন রজনীও। জানা গিয়েছে, ছবির নাম 'কেএইচxআরকে' নয়। এটা প্রোজেক্টের নাম। সময়ের সঙ্গে সঙ্গে ছবির নামও জানা যাবে। আপাতত তারই প্রতীক্ষায় অনুরাগীরা।

প্রসঙ্গত, দুই আইকন একসঙ্গে ছবি করেছেন সাত ও আটের দশকে। এর মধ্যে 'অপূর্ব রাগাঙ্গাল', 'মুন্দ্রু মুদিচু', 'আভারগাল'-এর মতে তামিল ছবি রয়েছে। তবে ১৯৭৯ সালের ফ্যান্টাসি ছবি 'আলাউদ্দিনাম আলভুথা ভিলাক্কুম'-ই তাঁদের একসঙ্গে করা সেই অর্থে শেষ ছবি। যদিও 'থিল্লু মুল্লু' নামের রজনীকান্তের কমেডি ছবিতে এরপর অতিথি শিল্পীর ভূমিকায় দেখা গিয়েছিল কমল হাসানকে। অন্যদিকে বলিউডের 'গিরফতার' ছবিতে তাঁদের যুগলবন্দি শেষবার দেখা যায়। কিন্তু ছবিতে অমিতাভও ছিলেন। এবার ফের দুই মেগাস্টারকে একসঙ্গে দেখা যাবে। স্বাভাবিক ভাবেই প্রোমো থেকে চড়তে শুরু করেছে উত্তেজনার পারদ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement