হাতে কাজ নেই, প্রচণ্ড অর্থভাব। তাই উপার্জনের আশাতেই বিগ বস ওটিটিতে যোগ দিয়েছিলেন রণবীর শোরে। চব্বিশ সালে এমনটাই দাবি করেছিলেন অভিনেতা রণবীর শোরে। এরপর বিনোদুনিয়ায় আর সেভাবে তাঁকে নিয়ে চর্চা হয়নি। লাইমলাইট থেকে নিজেকে দূরেই থাকেন। কিন্তু, নিট কেলেঙ্কারি ইস্যুতে আচমকা চর্চায় অপর্ণা সেনের প্রাক্তন জামাই তথা রণবীর শোরে। গেরুয়া-ঘনিষ্ঠ বলেই পরিচিত। সাম্প্রতিক অতীতে একাধিকবার কংগ্রেসকে তুলোধোনা করে শিরোনামে ছিলেন রণবীর শোরে। এবার 'ককরোচ'-এর আন্দোলনে যুবসমাজের ব্যবহৃত অশালীন ভাষার বিরোধীতায় মোদির ভাষণের প্রশংসা করতেই তাঁর দিকে ধেয়ে এল কটাক্ষ।
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে ছাত্রদের অভব্য আচরণ, অশ্লীল ভাষা প্রয়োগের অভিযোগ। ভিডিওবার্তায় বাক্স্বাধীনতার প্রশংসা করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সতর্কবাণী, "এরা পথভ্রষ্ট শিশু। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। আদালতের চক্করে ফেলে বা হয়রানি করে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব নয়। তোমরা এগিয়ে এসো। আমরা দেশের জন্য একসঙ্গে এগিয়ে যাই। নতুন কিছু শিখি, ভুল থেকেও শিক্ষা নিই। আমি তোমাদের জন্যই বেঁচে আছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্যই পরিশ্রম করি। তাই এসো, আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই। মত প্রকাশের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা উচিত নয়।"
রণবীর সেই ভিডিওটি এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন। তারপরই বিপত্তি! মোদির প্রশংসায় পঞ্চমুখ রণবীর লেখেন, 'আমার জীবনে এই প্রথম কোনও ভারতীয় রাজনীতিককে বাকস্বাধীনতার বিষয়ে নিজেকেই উদাহরণ তৈরি করতে দেখলাম! এরকম একটি দৃষ্টান্ত স্থাপন করার জন্য আপনাকে স্যালুট স্যার।'
কমেন্ট বক্সজুড়ে নেতিবাচক মন্তব্যের ঝড়। এক নেটিজেন রণবীরের বিরুদ্ধে তেলবাজির অভিযোগ তুলেছেন। ওই ব্যক্তির দাবি, মোদির প্রশংসা করে তাঁর সুনজরে আসার চেষ্টা করছেন। যাতে কেরিয়ারকে আবার পুনরুজ্জীবিত করার সুযোগ পান। অপর এক নেট নাগরিকের খোঁচা, 'ভারতকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিতে শাসন করা একজন নেতার এত তোষামোদ আর কত করবেন? শোরে, আপনি চাটুকারিতার সব সীমা ছাড়িয়ে গিয়েছেন। সার্টিফায়েড ভক্ত!'
নেটপাড়ার অপর এক সদস্যের প্রশ্ন, 'গত বারো বছর আপনি কোথায় ছিলেন? তখন কি দেখেননি তাঁদের আইটি সেল এবং অন্ধভক্তরা কীভাবে বিরোধী নেতা রাহুল গান্ধী, বলিউড তারকা শাহরুখ খান, শিখ ও মুসলিম সম্প্রদায়কে অপমান করছিল?' রণবীরের বিরুদ্ধে বিরুপ মনোভাব পোষণ করে এক ব্যক্তির পরামর্শ, 'ভাই, তুমি বিয়ার আর মাটন খাও। এত প্রতিভাবান অভিনেতারা কীভাবে এধরনের নেতাদের তোষামোদ করতে গিয়ে নিজেদের বহু বছরের অর্জিত সম্মান, মূল্য এবং ভাবমূর্তি নষ্ট করছেন! আসল ব্যক্তিত্বই প্রকাশ পাচ্ছে।"
