সাতপাকে বাঁধা পড়েছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna Wedding)। দীর্ঘদিন অবধি তাঁদের সম্পর্কের বিষয়টি গোপনই রেখেছিলেন এই দক্ষিণী তারকা যুগল। তাই জল্পনায় ইতি টেনে চারহাত এক হতেই, হুল্লোড় পড়ে গিয়েছে অনুরাগীমহলে। বিজয়-রশ্মিকার চোখধাঁধানো পোশাক, পরস্পরকে নিয়ে আবেগঘন পোস্ট— সব নিয়েই চলছে তুমুল চর্চা। আর শোনা যাচ্ছে, এরই মধ্যে নাকি বিরাট কোহলির এক দীর্ঘকালীন রেকর্ড ভেঙে দিয়েছেন রশ্মিকা মন্দানা!
অভিনেত্রী হিসেবে রশ্মিকার জনপ্রিয়তা বহুদিনের। তাঁর পরিচিতি কেবল ‘দক্ষিণী তারকা’-র তকমায় সীমাবদ্ধ নয়। ডিয়ার কমরেড, গীতা গোবিন্দম, পুস্পা: দ্য রাইজ প্রভৃতি সিনেমাতে অত্যন্ত প্রশংসিত হন তিনি। তাঁর অভিব্যক্তিপূর্ণ দুই চোখ, সুমিষ্ট হাসি অল্প সময়েই মন কাড়তে সক্ষম হয় ভক্তমহলের। সে জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছালে নভেম্বর ২০২০ নাগাদ তাঁকে ‘ন্যাশনাল ক্রাশ অফ ইন্ডিয়া’ বলে দাগিয়ে দেন ফ্যানেরা।
পরিণয় বন্ধনে বাঁধা পড়েছেন বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মন্দানা
সোশাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ডিং হতে থাকে সেই হ্যাশট্যাগ। সহ-অভিনেতা ‘পুস্পা’ আল্লু অর্জুন মজা করে ‘ক্রাশ্মিকা’ আখ্যা দেন তাঁকে। যদিও সে জনপ্রিয়তায় ভাটাও পড়ে এক সময়ে। ২০২৩ সালে ‘অ্যানিম্যাল’ রিলিজের পর রশ্মিকার ভাগের লাইমলাইট অনেকখানিই চলে যায় সহ-অভিনেত্রী তৃপ্তি দিমরির ভাগে। তিনিই নাকি নতুন ‘জাতীয় ক্রাশ’— শোনা যায় গুঞ্জন।
তবে কোনও ঘটনাতেই রশ্মিকার একনিষ্ঠ ফ্যানবেস টলে যায়নি। আর ভারতের অন্যতম এলিজেবল ব্যাচেলর বিজয় দেবরাকোন্ডার গলায় মালা পরাতে, জনপ্রিয়তার পারদ আরও একবার আকাশ ছুঁয়ে যায়। যুগলের মিলিত সম্পত্তি কত? ভারতীয় ঐতিহ্যবাহী রাজকীয় গয়না তাঁরা গড়লেন কোথায়? পোশাক কি বাঙালি ডিজাইনারের তৈরি? কী বলছেন রশ্মিকার প্রাক্তন বাগদত্তের কাছের লোকেরা? উপচে পড়ছে নেটিজেনদের প্রশ্ন।
আর এরই মধ্যে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন ‘ন্যাশনাল ক্রাশ’। বর্তমানে ইন্সটাগ্রামে ২৭৪ মিলিয়ন ফলোয়ার রয়েছে কিং কোহলির। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের ছবি ইনস্টা পেজে পোস্ট করেন বিরাট। ২২.৯ মিলিয়ন, অর্থাৎ প্রায় ২ কোটি ৩০ লক্ষ ইউজার ‘লাইক’ করেছিল সেই পোস্ট। এতদিন অবধি একজন এশিয়ান সেলিব্রিটি হিসেবে সবচেয়ে বেশি ‘লাইকড’ পোস্টটি ছিল তাঁর ঝুলিতেই।
টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের ছবি পোস্ট করেছিলেন বিরাট কোহলি
কিন্তু সেই রেকর্ড অবশেষে ভাঙল! ২৬ ফেব্রুয়ারি তাঁর বিয়ের ছবি ইনস্টায় পোস্ট করলেন রশ্মিকা। সঙ্গে লিখলেন স্বামী বিজয়ের উদ্দেশে দীর্ঘ প্রশংসাবাক্য। ইতিমধ্যেই সেই পোস্টটিকে ‘লাইক’ করেছে ২৩.৫ মিলিয়ন মানুষ। অর্থাৎ প্রায় সাড়ে ২৩ কোটি। আর রশ্মিকা হয়ে উঠেছেন ইন্সটাগ্রামে এশিয়ার সর্বোচ্চ ‘লাইক’ পাওয়া সেলিব্রিটি!
যদিও গল্প এখনও বাকি! আগামী ৪ মার্চ হায়দরাবাদে অনুষ্ঠিত হবে তাঁদের গ্র্যান্ড রিসেপশন। সেখানে এই তারকা যুগলের সাজপোশাক কেমন থাকে, আর কোন নতুন রেকর্ড জোটে তাঁদের ঝুলিতে, দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত অনুগামীরা।
