ইমন চক্রবর্তী যে জগন্নাথ ভক্ত, সেকথা কারও অজানা নয়। ২০১৪ সাল থেকে মহাসমারোহে লিলুয়ার বাড়িতে রথযাত্রার উৎসব পালন করে আসছেন। সেখানেই জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে প্রতিষ্ঠা করেছেন গায়িকা। ফি বছর স্নানযাত্রার দিন থেকেই রথের প্রস্তুতি শুরু করে দেন ইমন। এবারও তার অন্যথা হয়নি। চলতিবারে বাবার অসুস্থতার কারণে নিজের লেকগার্ডেন্সের ফ্ল্যাটেই মহাপ্রভুর স্নান-উৎসব পালন করেছিলেন, তবে রথযাত্রার পুজো হচ্ছে ইমনের লিলুয়ার বাড়িতেই। বৃহস্পতিবার রথ। অতঃপর বুধবার দম ফেলার সময় নেই গায়িকার হাতে! শেষমুহূর্তে পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। এবারে ইমন চক্রবর্তী রথযাত্রা উৎসবের আয়োজনের কলেবর কেমন? খোঁজ নিল সংবাদ প্রতিদিন ডিজিটাল।
"ভোগে আমি যদিও কিছুই রান্না করি না। তবে আজ মালপোয়াটা বানিয়ে রাখব। আগামীকাল ভোর পাঁচটায় আমাদের রান্নার ঠাকুর আসবেন,..."
মহাসমারোহে রথযাত্রার প্রস্তুতিতে ব্যস্ত ইমন চক্রবর্তী
ইমন চক্রবর্তীর বিশ্বাস, প্রভুর ইচ্ছে না থাকলে গাছের পাতাও নড়ে না! অর্থাৎ, ঈশ্বরের ইচ্ছা ব্যাতীত এই ব্রহ্মাণ্ডে কিছুই ঘটে না। সবটাই প্রভুর ইচ্ছে অনুসারে হয়। এবার জগন্নাথদেবের কৃপায় বারাণসী থেকে তিন ভাইবোনের জন্য বিশেষ বেনারসি আনিয়েছেন। শুধু তাই নয়, জগন্নাথের জন্য সোনার মুকুটও গড়িয়েছেন গায়িকা। বুধবার দুপুরে শশব্যস্ততার মাঝেই ফোন ধরে ইমন জানালেন, "আজ আমরা জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে সাজালাম। আমাদের লিলুয়ার বাড়ির ছাদে পুজোর আসরও সেজে উঠেছে ফুলে ফুলে।" পুজো উপলক্ষে ছাদে শামিয়ানাও খাটানো হয়েছে। তবে এবার মহাপ্রভুর বসার আসনে বিশেষ চমক রেখেছেন শিল্পী। কীরকম? খোঁজ নিতেই ইমন জানালেন, "এবার ওঁদের বসার জায়গাটা একটু বিশেষভাবে সাজিয়েছি বলতে, খানিকটা পুরীর আদলে সাজানোর চেষ্টা করেছি আমরা।"
ইমন চক্রবর্তীর বাড়িতে রথযাত্রার শেষমুহূর্তের প্রস্তুতি
প্রভুর সাজপোশাক নিয়ে গায়িকা জানালেন, "আমাদের লেকগার্ডেন্সের বাড়ির জগন্নাথ, বলভদ্র, সুভদ্রাকে সাদা বেনারসিতে সাজানো হয়েছে। আর লিলুয়ার বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেব পরেছেন লাল রঙের বেনারসি। সোনার অলংকার, মুকুটে সেজে উঠেছে আমাদের প্রভু। পাশাপাশি রথ উপলক্ষে আবার মা সরস্বতীকেও গোলাপি বেনারসিতে সাজিয়েছি।" ইমনের বাড়িতে নিয়মমাফিক প্রতিবছর জগন্নাথদেবকে ৫৬ ভোগ দেওয়া হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ভোগের তালিকায় প্রভুর পছন্দের কণিকা, খিচুড়ি মাস্ট! ইমন জানালেন, "ভোগে আমি যদিও কিছুই রান্না করি না। তবে আজ মালপোয়াটা বানিয়ে রাখব। আগামীকাল ভোর পাঁচটায় আমাদের রান্নার ঠাকুর আসবেন, বাকি ভোগ তিনিই রান্না করবেন।" রথযাত্রায় কি স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে রং মিলান্তি পোশাকে সাজবেন? গায়িকার সহাস্য উত্তর, "তেমন নয়! আমি তসরের শাড়ি পরব।"
