সিনেশহর মুম্বইয়ে কখন যে কী ঘটে যায়! তাই তো শহরের প্রতিটি কোণে ক্যামেরার লেন্সে চোখ রাখেন পাপারাজ্জিরা। আর বিমানবন্দর তো যেন সেলেবদের খবর সংগ্রহের আঁতুড়ঘর। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানেই আচমকা লেন্সবন্দি পপতারকা রিহানা। ভারতে তাঁর আসার খবর ঘুণাক্ষরে কেউ টেরই পায়নি, এমনকী কানাঘুষো পর্যন্ত শোনা যায়নি। হঠাৎ মুম্বই বিমানবন্দরে রিহানাকে দেখে তো রীতিমতো হকচকিয়ে গিয়েছেন পাপারাজ্জিরা!
কয়েক সেকেন্ডের জন্য যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারেননি। কিন্তু রিহানা একদম 'বিন্দাস'। হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে হাতনাড়া থেকে উড়ন্ত চুমু কোনওটাই বাদ যায়নি। খোশমেজাজে ব্যক্তিগত বিমান থেকে নামেন পপতারকা রিহানা। কালো পোশাকে ক্যাজুয়েল লুককে আরও একটু তোল্লাই দিয়েছে পনিটেল আর কালো সানগ্লাস। নজর কেড়েছে পপ গায়িকা রিহানার গলার মোটা সোনার হারও।
২০২৪-এর মার্চ মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন। তাই রিহানার আচমকা ভারত সফর দেখে এক নেটিজেন প্রশ্ন করেছেন, 'এবার কার বিয়ে?'
কী কারণে আচমকা ভারতে ভ্রমণ সেটা অবশ্য এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, একটি বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডের প্রচারের জন্যই তাঁর ভারতে আগমন। প্রায় দুই বছর পর ভারতে ফিরলেন রিহানা। সোশাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল পপতারকার ভিডিও। সেখানেই দেখা যায় বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠছেন রিহানা। প্রসঙ্গত, ২০২৪-এর মার্চ মাসে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের প্রি-ওয়েডিং অনুষ্ঠানে জামনগরে পারফর্ম করেছিলেন। তাই রিহানার আচমকা ভারত সফর দেখে এক নেটিজেন প্রশ্ন করেছেন, 'এবার কার বিয়ে?'
অপর এক নেটাগরিক আবার রিহানার কনসার্টের ইচ্ছেপ্রকাশ করে লিখেছেন, 'আমরা ভারতে রিহানার একটা কনসার্ট চাই।' সর্বোপরি কী কারণে রিহানার ভারতে আগমন তা জানতে মুখিয়ে রয়েছে জেন জি। প্রসঙ্গত, গত বছর সেপ্টেম্বরে তৃতীয় সন্তানের মা হয়েছেন রিহানা। সোশাল মিডিয়াতেও খুবই সক্রিয় পপতারকা। নিয়মিত ব্যক্তিগত ও পেশাগত জীবনের আপডেট শেয়ার করেন।
