shono
Advertisement

Breaking News

Rupali Ganguly

'মোদিজি স্বৈরাচারী হলেই ভালো হত', প্রধানমন্ত্রীর অপমানে 'ফোঁস' করে বিতর্কে 'অনুপমা' রূপালি

'অনুপমা' অভিনেত্রীর কথায় সোশাল পাড়ায় নিন্দার ঝড়। রূপালি গঙ্গোপাধ্যায়কে 'সংঘী আন্টি', 'ব্রেইনওয়াশড জম্বি' বলে তোপ!
Published By: Sandipta BhanjaPosted: 04:05 PM Aug 06, 2026Updated: 05:07 PM Aug 06, 2026

সম্প্রতি যন্তর মন্তরে 'ককরোচ' আন্দোলনকে 'জঙ্গিপনা'র সঙ্গে তুলনা টেনে গর্জে উঠেছিলেন। টেলিপর্দার 'অনুপমা' পড়ুয়াদের নীতিবোধ নিয়ে প্রশ্ন তুলে বলেছিলেন, "যারা আইন নিজের হাতে তুলে নেয়, সরকারি সম্পত্তি ভাঙচুর করে কিংবা পুলিশের উপর হামলা চালায়, তাদের কি শিক্ষার্থী বলা যায়?" যার জেরে অবশ্য কম কটাক্ষের শিকার হতে হয়নি রূপালি গঙ্গোপাধ্যায়কে (Rupali Ganguly)! এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমানে মুখ খুলে ফের চর্চার শিরোনামে অভিনেত্রী। জড়ালেন বিতর্কেও।

Advertisement

"এভাবে প্রধানমন্ত্রীকে অপমান করার ফল অবশ্যই ভোগা উচিত! আমার সত্যিই মনে হয়, মোদিজি যদি স্বৈরাচারী হতেন..."

ঠিক কী ঘটেছে? অভিনেত্রী বরাবর স্বঘোষিত বিজেপি সমর্থক। নরেন্দ্র মোদির 'ভোকাল ফর লোকাল' ক্যাম্পেইনের মুখ ছিলেন রূপালি গঙ্গোপাধ্যায়। 'আত্মনির্ভর ভারত' গড়ার স্বপ্নে জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর মন্ত্র ছড়িয়ে দিয়েছিলেন হিন্দি সিরিয়ালের 'অনুপমা'। সেই সূত্রেই একাধিক ইস্যুতে গৈরিক শিবিরের হয়ে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। এবার প্রধানমন্ত্রীর অপমানেও চুপ থাকলেন না। সম্প্রতি নেটভুবনে ভাইরাল হওয়া এক ভিডিও নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন বেফাঁস কথা বললেন যে, নিজেই বিতর্কের শিরোনামে নাম লেখালেন রূপালি গঙ্গোপাধ্যায়। সোশাল পাড়ায় দাবানল গতিতে ভাইরাল হওয়া এক ভিডিওতে ১২ বছর বয়সি এক নাবালিকাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গালিগালাজ করতে শোনা যায়। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির ছবিতে আঘাত করতেও দেখা যায় ওই নাবালিকাকে। আর দেশের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে নবীন প্রজন্মের এহেন মনোভাব দেখেই প্রতিবাদে গর্জে উঠেছেন রুপালি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অপমানে মুখ খুলে ফের চর্চার শিরোনামে রুপালি গঙ্গোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে ওই ভিডিও ভাগ করে নিয়ে ক্ষুব্ধ 'অনুপমা' অভিনেত্রী বালিকার মা-বাবার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এখানেই শেষ নয়, শিশুদের উপর সোশাল মিডিয়ার প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। রূপালির মন্তব্য, "এভাবে প্রধানমন্ত্রীকে অপমান করার ফল অবশ্যই ভোগা উচিত! আমার সত্যিই মনে হয়, মোদিজি যদি স্বৈরাচারী হতেন!" অভিনেত্রী যে একনায়কতন্ত্রে রাষ্ট্রবিরোধীদের পিষে দেওয়ার কথাই বলেছেন, সেটা তাঁর মন্তব্যেই স্পষ্ট। আর 'অনুপমা' রূপালির এহেন পোস্ট ভাইরাল হতেই নেটভুবনে নিন্দার ঝড়। কেউ 'সংঘী আন্টি' বলে তোপ দেগেছেন তো কেউ বা তাঁকে 'ব্রেইনওয়াশড জম্বি' বলে কটাক্ষ করেছেন। একাংশ আবার রুপালিকে 'বেনিতো মুসোলিনি'র আগ্রাসনে ইটালির মানুষদের দুর্দশার কথা মনে করিয়ে দিয়েছেন। কারও বা কটাক্ষ, 'আপনি নিজের ফালতু সিরিয়ালেই মন দিন।' রূপালি গঙ্গোপাধ্যায়কে নিয়ে বতর্মানে এহেন নানা মন্তব্যবাণের ভিড় সোশাল পাড়ায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement