আম্বানিদের সঙ্গে সুপারস্টার সলমনের (Salman Khan) বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিনের আলোর মতোই স্পষ্ট। বিশেষ করে অনন্ত আম্বানির (Anant Ambani Birthday) সঙ্গে 'বন্ডিং'টা একটু বেশিই স্পেশাল। মুকেশ পুত্রের জন্মদিনে একেবারে অনন্তের কাঁধে চেপে বসলেন ভাইজান! না, পুরনো ছবি শেয়ার করে বন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সলমন। এই ছবিতে আরও একটা জিনিস কিন্তু, একদম স্পষ্ট। আর তা হল, বন্ধুর ভার বইতে কষ্ট তো হচ্ছেই না বরং অনন্তের মুখে চওড়া হাসি।
শুক্রবার ইনস্টা হ্যান্ডেলে বন্ধুত্বের মিষ্টি মুহূর্ত শেয়ার করে শুভেচ্ছাবার্তায় সলমন লিখেছেন, 'একটা কথা শোনো আর যদি মনে রাখার ক্ষমতা না থাকে তাহলে লিখে নাও। এই মানুষটাই একদিন পুরো দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমার ছোট ভাই অনন্ত, তুমি দীর্ঘজীবী হও। তোমার এই সুন্দর হৃদয়টা আগলে রেখো।'
১০ এপ্রিল অনন্ত আম্বানির জন্মদিনের আগের রাতেও সোশাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট শেয়ার করেছেন সলমন। দুই বন্ধুর কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করে অনন্তের উদ্দেশ্যে ভাইজানের বার্তা, 'এই দুনিয়ার সবচেয়ে নিঃস্বার্থ ও দয়ালু মানুষ। একইসঙ্গে ও সকলের অনুপ্রেরণা।'
অনন্তের জন্মদিনে আম্বানি পরিবারে এখন উৎসবের মরশুম। ৩০ পেরিয়ে ৩১-এ পদার্পণ অনন্তের। ধুমধাম করে সেলিব্রেট হচ্ছে আম্বানি পুত্রের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে জয়পুরে এখন সাজসাজ রব। অনন্ত আম্বানির ৩১তম জন্মদিন উপলক্ষে বান্দ্রা-ওরলির সাগরপাড় সেজে উঠেছে আলোকমালায়। তারকাখচিত জন্মদিন সেলিব্রেশন এখন পেজ ৩-এর আলোচিত টপিক।
অনন্তের জন্মদিন সেলিব্রেট করার জন্য জামনগরে রয়েছেন সলমন খান থেকে রণবীর সিংয়ের মতো তারকারা। বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলিউডের সিংহভাগ সেলেব। সেই তালিকায় রয়েছে শাহরুখ খান, গৌরী খান, অনন্যা পাণ্ডে, সানায়া কাপুর, অগস্ত্য নন্দ, বনি কাপুর, রাম চরণ, সঞ্জয় দত্ত সহ আরও অনেকে।
সমাজমাধ্যমে ইতিমধ্যেই প্রত্যেকে অনন্তকে জন্মদিনের শুভেচ্ছা-ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত, অনন্ত আম্বানি জন্মদিনের আগে গুরুভায়ুর মন্দির পরিদর্শন করে ভগবান গুরুভায়ুরপ্পানের কাছে প্রার্থনা করেন এবং মন্দির ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিয়েছেন।
