সেন্সরের চোখরাঙানিকে জয় করে গত ১৫ মে বড় পর্দায় মুক্তি পেয়েছে সঞ্জয় দত্ত অভিনীত 'আখরি সওয়াল'। তবে বক্স অফিসে ছবিটি সেভাবে সাড়া ফেলতে পারেনি। মঙ্গলবার পর্যন্ত ভারতীয় বক্স অফিসে আখরি সওয়ালের মোট আয় ছিল আনুমানিক ১.৭০ কোটি। সিনেমার একটি প্রচারমূলক অনুষ্ঠানের পরই মুম্বই ছাড়েন সঞ্জয় দত্ত! ইন্ডাস্ট্রির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আমেরিকায় যাচ্ছেন।
ঘনিষ্ঠ সূত্রে খবর, সঞ্জয়ের আমেরিকা সফরের সম্পূর্ণ সূচি এখনও জানা যায়নি। তিনি লস অ্যাঞ্জলেস থেকে পূর্ব উপকূলেও যেতে পারেন। তবে আপাতত যেটুকু খবর ৬৬ বছর বয়সী অভিনেতা সুস্থ আছেন। বিগত কয়েক বছর তিনি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বছরে একবার আমেরিকায় যান। চলতি বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। সিনেমার কাজ শেষ হতেই স্বাস্থ্যের দিকে নজর দিয়েছেন সঞ্জয়।
ছবি মুক্তির পরই চিকিৎসার জন্য বিদেশ সফর?
প্রসঙ্গত, ২০২০ সালে স্টেজ-৪ ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন সঞ্জয় দত্ত। শ্বাসকষ্ট এবং ফুসফুসে তরল জমার সমস্যার কারণে সেই সময় দত্ত পরিবারে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। মুম্বইয়ের এক হাসপাতালে অভিজ্ঞ চিকিৎসদের তত্ত্বাবধানে সুস্থ হয়ে ওঠেন সঞ্জয় দত্ত। সেই বছরের অক্টোবরেই সঞ্জয় দত্তকে ক্যানসার মুক্ত ঘোষণা করা হয়।
মিডিয়া রিপোর্ট মোতাবেক, ২০২০ সালের আগস্টে সঞ্জয় দত্ত পাঁচ বছরের জন্য যুক্তরাষ্ট্রের মেডিক্যাল ভিসা পান। যাতে তিনি মেমোরিয়াল স্লোয়ান কেট্টারিং ক্যানসার সেন্টারে চিকিৎসার জন্য নিয়মিত যাতায়াত করতে পারেন। উল্লেখযোগ্যভাবে, সঞ্জয় দত্তের মা ও প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী নার্গিসকেও ক্যানসারের চিকিৎসার জন্য এই হাসপাতালেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল।
কেমন আছেন সঞ্জয়?
শোনা যাচ্ছে, 'আখরি সওয়াল' ছবির প্রযোজক ও মুখ্য অভিনেতা সঞ্জয় দত্ত গত সপ্তাহে একাই আমেরিকাযর উদ্দেশে রওনা দিয়েছেন। বর্তমানে তিনি লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ বন্ধু পরেশ ঘেলানির সঙ্গে রয়েছেন। যত দূর জানা যাচ্ছে, নিউ ইয়র্কের মেমোরিয়াল স্লোন কেটারিং-এ চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর ক্যালিফোর্নিয়াতেও বিশেষজ্ঞদের মতামত নিয়েছেন। তবে সঞ্জয়ের বিদেশ সফর বা চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু জানাননি।
