মান্ডির সাংসদ-অভিনেত্রী কঙ্গনা রানাউত ও 'ককরোচ' মুখপাত্র সৌরভ দাসের অর্ন্তকলহে এবার নয়া মোড়। এই তরজা যেন কিছুতেই থামার নয়। 'প্রাক্তন' সিনেমায় ইমনের কণ্ঠে সেই গান ধার করে যদি বলতে হয় তাহলে 'কথার উপর কেবল কথা সিলিং ছুঁতে চায়'! নিট কেলেঙ্কারি ইস্যুতে বিক্ষোভকারী সৌরভ দাস (Saurav Das) ছাত্র কিনা সেই প্রশ্ন তুলে তাঁকে বিঁধেছিলেন কঙ্গনা (Kangana Ranaut)। সমাজমাধ্যমে ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছিলেন, 'আমি গুগলে এই ব্যক্তি সম্পর্কে কিছু তথ্য খুঁজে পেলাম। ওঁর বয়স ২৮ বছর। কীভাবে নিজেকে ছাত্র দাবি করেন তা আমার বোধগম্য নয়।' অভিনেত্রী-রাজনীতিক কঙ্গনাকে সৌরভের পালটা আক্রমণ, 'কঙ্গনাজিকে গুগলও ভুল তথ্য দিচ্ছে। আমার বয়স ২৮ নয়, ২৭। আমি ছাত্র নই, সাংবাদিক।'
'সিজেপি'র মুখপাত্র সৌরভ দাস কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ফের তীব্র আক্রমণ শানিয়েছেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সৌরভের অভিযোগ, কঙ্গনা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। সেই সঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে জানান, তিনি কোনও ছাত্র নন একজন সাংবাদিক। সৌরভ নিজেকে 'স্টুডেন্ট অফ লাইফ' উল্লেখ করে কঙ্গনার উদ্দেশে বলেছেন তাঁরও এই মানসিকতা গ্রহণ করা উচিত।
সৌরভ- কঙ্গনার বাকযুদ্ধ
সৌরভের কথায়, "কঙ্গনাজিকে গুগলও ভুল তথ্য দিচ্ছে। আমার বয়স ২৮ নয়, ২৭। আমি ছাত্র নই, একজন সাংবাদিক। নিজেকে সক্রিয় ছাত্র বলে কোনওদিন দাবি করিনি। প্রত্যেকেই স্টুডেন্ট অফ লাইফ অর্থাৎ জীবন থেকে শিক্ষা নেয় বা জীবনের ছাত্র। প্রত্যেক মানুষেরই এই মানসিকতা রাখা প্রয়োজন। তাহলে আমরা এগিয়ে যেতে পারব, পরস্পরকে আরও ভালোভাবে বুঝতে শিখব। কারও বয়স বেশি হলেই তিনি জ্ঞানী হবেন, এমনটা নয়। শেখার মানসিকতা না থাকলে প্রকৃত অর্থে জ্ঞানার্জনও সম্ভব নয়। কঙ্গনা জিরও বিষয়টি বোঝা উচিত এবং তাঁরও জীবনের ছাত্র হওয়া উচিত।"
সিজেপি মুখপাত্র সৌরভ দাসের জবাব
‘আরশোলা’র মুখপাত্র সৌরভ দাসকে ‘অকর্মণ্য’ ‘বেকার’ বলে তোপ দেগেছেন অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রানাউত। পরিবর্তে ‘ক্যুইন’কে খোঁচা, “নিজের দলের লোকেরাই তাঁকে খুব একটা গুরুত্ব দেয় না। তাহলে আমরাই বা কেন দেব? আমার মনে হয় না জেন জি, জেন আলফা বা তরুণ প্রজন্মের কেউ তাঁকে আদৌ গুরুত্বের সঙ্গে নেয় কিংবা তাঁর কথা শোনে।”
