তিনি আসেন, দেখেন আর জয় করে চলে যান। পর্দায় তাঁর ক্যারিশ্মা চাক্ষুষ করার জন্য অপেক্ষার প্রহর গোনেন আপামর সিনেপ্রেমীরা। তিনি আর কেউ নন, বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর আগামী ছবি 'কিং' নিয়ে এমনিতেই উন্মাদনার পারদ চড়ছে অনুরাগীমহলে। এর মাঝেই বলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, প্রায় একযুগ পর পর্দায় ফের 'মেজর রামপ্রসাদ শর্মা'-এর ভূমিকায় ফিরছেন বলিউডের বাদশা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবার পর্দায় আসছে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত 'ম্যায় হুঁ না' ছবির সিক্যুয়েল।
ফারহা খানের এই ছবির প্রসঙ্গ উঠলেই শাহরুখের গ্র্যান্ড এন্ট্রির কথা মনে পড়ে যেতে বাধ্য। রেল স্টেশনের প্ল্যাটফর্ম ধরে শাহরুখের সেই রাজার হালে হেঁটে আসা আজও ঝড় তোলে তাঁর অনুরাগীদের মনে। আর সেই ছবিই নাকি এবার সিক্যুয়েল আকারে আসছে পর্দায়। সম্প্রতি এক সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সূত্রে শোনা যাচ্ছে ২০০৪ সালের ছবি 'ম্যায় হুঁ না'-এর সিক্যুয়েল ফের পর্দায় নিয়ে আসছেন পরিচালক ফারহা খান। শুধু তাই নয়, এই ছবিতে দর্শকের জন্য থাকবে বড় চমক। এই ছবির সিক্যুয়েলে নাকি দ্বৈত ভূমিকায় দেখা যাবে শাহরুখকে। যা দর্শকের জন্য বড় এক চমক ইতিমধ্যেই নাকি এই ছবির চিত্রনাট্য নির্মাণের কাজ শুরু করেছেন ফারহা। এখানেই শেষ নয়, আগের মতোই যে এই ছবির সিক্যুয়েলে দেশাত্মবোধকে তুলে ধরা হবে এমনটাও শোনা যাচ্ছে। ছবিতে দেশাত্মবোধের পাশাপাশি থাকবে রোম্যান্স, কমেডি ও অ্যাকশনের মতো নানা উপজীব্য।
বলে রাখা ভালো, পরিচালক ফারহা খান এখন তাঁর ভ্লগের দৌলতে দর্শকের-অনুরাগীদের সংস্পর্শে থাকেন তুলনায় বেশি। আর সেখানেই তাঁর কাছে বারবার পরিচালনায় ফেরার আবেদন ঘুরেফিরে এসেছে। অবশেষে হয়তো নিজের অনুরাগীদের সেই আবদারই রাখতে চলেছেন ফারহা। গুঞ্জন 'কিং' ছবি মুক্তির পর ফারহার 'ম্যায় হুঁ না ২' ছবিই নাকি হতে চলেছে শাহরুখের পরবর্তী ছবি। আরও গুঞ্জন, ২০২৬ সালের শেষ অথবা ২০২৭ সালের শুরুর দিকে এই ছবির শুটিং শুরু হবে। যদিও নির্মাতাদের তরফে এই নিয়ে খুব বেশি কিছু খোলসা করা হয়নি।
