নিট কেলেঙ্কারি ইস্যুতে দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনে বসেছিলেন শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন থ্রি ইডিয়টসের 'চতুর' অভিনেতা ওমি বৈদ্য। কিন্তু, দেখা মেলেনি বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের (Aamir Khan)। অথচ 'বাস্তবের র্যাঞ্চো' সোনমের চরিত্রেই অভিনয় করে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন আমির। সোনম নিজেও বলেছিলেন, তাঁর জীবন থেকে অনুপ্রাণিত 'থ্রি ইডিয়টস'। যদিও সেকথা অস্বীকার করে আমির ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে বলেছিলেন, এই সিনেমা তৈরির আগে তিনি বা পরিচালক রাজকুমার হিরানি , লেখক অভিজিৎ জোশী সোনমকে চিনতেন না। এই মন্তব্যে আমিরকে 'গজনি'তে স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশের চরিত্রের সঙ্গে তুলনা করে চরম কটাক্ষ সোনমের।
সম্প্রতি একটি পডকাস্টে অতিথির আসনে ছিলেন সোনম ওয়াংচুক। সাক্ষাতের কথা স্মরণ করিয়ে আমিরের স্মৃতিশক্তিকে কটাক্ষ এই শিক্ষাবিদ তথা সমাজকর্মীর। তাঁর কথায়, সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল। যেখানে 'গজনি'র লুকে দেখা মিলেছে আমিরের। সুপারস্টারকে সোনমের খোঁচা, "চরিত্রের মধ্যে নিজেকে এতটাই নিমজ্জিত করে রেখেছিলেন যে আমাদের সাক্ষাতের কথাই ভুলে গিয়েছেন!"
আমির খানকে খোঁচা সোনম ওয়াংচুকের
এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে দাবি করেন, তাঁদের সাক্ষাৎ কোনও সৌজন্য সাক্ষাৎ ছিল না। দীর্ঘক্ষণ ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল দুজনের। পারস্পরিক ভাবনার বিনিময়ও ঘটেছিল। সোনম হেঁয়ালি করে বলেন, "অভিনেতারা নিজেদের চরিত্রের মধ্যে সম্পূর্ণভাবে ঢুকে যান। আমিরও সম্ভবত সেই সময় 'গজিনি'র চরিত্রে এতটাই ডুবে ছিলেন যে আমাদের সাক্ষাতের কথাও ভুলে যেতে পারেন।"
সোনমের সংযোজন," যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসেছিলেন এবং যেখানে আমি পুরস্কার নিচ্ছিলাম সেটাও হয়তো ভুলে গিয়েছেন।" কথোপকথনের সময় সোনম আরও একটি বিষয় স্পষ্ট করেছেন, তাঁর জীবন থেকে অনুপ্রাণিত থ্রি ইডিয়টস। যদিও ছবির গল্পের সঙ্গে তাঁর মিল নেই।
