বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম। তিন দশকের বেশি সঙ্গীত কেরিয়ারে অজস্র হিট গান উপহার দিয়েছেন। দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সোনুর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বিদেশে কনসার্ট করতে গিয়ে এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন সোনু নিগম। সোনুর কণ্ঠের জাদু বিদেশি মনকে কতটা প্রভাবিত করেছে সেই প্রমাণই মিলল নেদারল্যান্ড থেকে গায়কের শেয়ার করা ভিডিওতে।
রটারডামে একটি কনসার্টে যাওয়ার পথে গাড়িতে বসেছিলেন সোনু। হঠাৎ তিনি খেয়াল করেন সামনের গাড়িতে উচ্চস্বরে বাজছে 'ইয়ে ইশক ইশক'। ব্লকবাস্টার মুভি 'ধুরন্ধর'-এর গানে তরুণ প্রজন্মের কয়েকজন ছেলের উচ্ছ্বাস দেখে আবেগে ভেসে যান গায়ক। ভিডিওতে দেখা যাচ্ছে, সোনু হাসতে হাসতে বলছেন, "মেরা গানা শুন রহে হ্যায়। উনকো পতা নেহি কি পিছে ম্যায় খাড়া হুঁ। হামারে শো পে আ রহে হ্যায় না ইয়ে?" বাংলা তর্জমা করলে হয়, "ওঁরা আমার গান শুনছে কিন্তু জানে না আমি ঠিক তাদের পিছনেই আছি। ওঁরা তো আমার শো দেখতেই যাচ্ছে।"
দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতেও সোনুর জনপ্রিয়তা চোখে পড়ার মতো। বিদেশে কনসার্ট করতে গিয়ে এক বিরল মুহূর্তের সাক্ষী থাকলেন সোনু নিগম। 'ধুরন্ধর'-এর গানে তরুণ প্রজন্মের কয়েকজন ছেলের উচ্ছ্বাস দেখে আবেগে ভেসে যান গায়ক।
ভক্তের ভালোবাসায় আপ্লুত হয়ে সোনুও ওঁদের সারপ্রাইজ দেওয়ার সিদ্ধান্ত নেন। ওই গাড়ির কাছাকাছি তাঁর গাড়িটিকে নিয়ে যাওয়ার নির্দেশ দেন চালককে। দুটো গাড়ি পাশাপাশি আসতেই নিজের গাড়ির কাচ নামিয়ে দেন সোনু। প্রিয় গায়ককে আচমকা দেখে তাজ্জব বনে যান উপস্থিত সকলে। হাত নেড়ে আনন্দ জাহির করেন তাঁরা। যাওয়ার আগে সোনু বলে যান, "কী মিষ্টি একটা ব্যাপার।"
আনন্দের মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লেখেন, 'যখন দেখা যায় নিজের কনসার্ট ভক্তদের গাড়িতেই শুরু হয়ে গিয়েছে।' গায়কের পোস্টে ভক্তরা তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। একজন লিখেছেন, 'স্যার, আপনার গান শুনতে গেলেও ওয়ার্ম-আপ করতে হয়।' অপর এক ব্যক্তি লেখেন, 'আপনাকে হাসতে দেখাই আমাদের জীবনের সুখের মুহূর্তগুলোর মধ্যে অন্যতম। আপনি আমাদের জীবনের আশীর্বাদ।'
