দীর্ঘ অপেক্ষার অবসান। মহানগরীর রাজপথে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের (Sourav Ganguly Biopic) শুটিং শুরু। ২৫ মে সোমবার সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনেই চূড়ান্ত ব্যস্ত অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সোমবার ভোর থেকেই শুরু হয়েছে সৌরভের জীবনীচিত্র 'দাদা'র শুটিং। বিশ্বস্ত সূত্রের খবর, আজ দিনভর চলবে বায়োপিকের শুটিং। কিশোর সৌরভের সঙ্গে তাঁর মা অর্থাৎ নিরূপা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে শুটিং করছেন অপরাজিতা। সেই মুহূর্তের ছবিই তুলে ধরা হল সংবাদ প্রতিদিন ডিজিটালের পাতায়।
জানা যাচ্ছে, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার যোগ দেওয়ার সম্ভবনা রয়েছে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের। যিনি সৌরভের বাবা চণ্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করবেন। সূত্রের খবর, 'দাদা'র বায়োপিকে দুর্গাপুজোর একটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। কোনও এক অজ্ঞাত কারণবসত সেটি বাতিল হওয়ায় সৌরভের বাড়িতেই হল শুভারম্ভ। সৌরভ গঙ্গোপাধ্যায় বাঙালির আবেগ সে কথা বলার অবকাশই রাখে না। বেহালার বীরেন রায় রোড সোমবার ভোর পাঁচটা থেকেই আবেগে ভেসেছে। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী থেকেছেন অনেকেই।
সৌরভ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি
শট বোঝাতে তৎপর পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানি। গোটা এলাকাজুড়ে একেবারে হইহই রব। লাল পাড় সাদা শাড়ি, কোমর পর্যন্ত বিনুনি আর কপালে বড় লাল টিপে সেই চেনা ছন্দে অপরাজিতা। চেহারার স্নিগ্ধতায় মুগ্ধ সেখানে উপস্থিত প্রত্যেকে। অন্যদিকে সাদা স্কুল ড্রেসে ফ্রেমবন্দি কিশোর সৌরভ। আর পাশের বাড়ির বারান্দায় দাড়িয়ে দুদিকে বিনুনি বাঁধা মেয়েটির মায়াবি দৃষ্টি ওই স্কুলছাত্রের দিকে। সৌরভ-ডোনার শৈশবেরর প্রেমকাহিনির শুটিং চলছে সেটা বুঝতে অবশ্য অসুবিধা হয়নি।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা রাজকুমার রাও
বেলা যত গড়াচ্ছে ততই যেন সাজ সাজ রব। বাড়ির সামনে রয়েছে নকল সবজির গাড়ি থেকে চায়ের দোকান। একটা শট দেওয়ার পরই চারপাশের পরিস্থিতি অনুকূল আছে কিনা তা দেখে নিচ্ছেন।উল্লেখ্য, নয়ের দশক অর্থাৎ ১৯৮৯ সালে সৌরভ যখন একাদশ শ্রেণির ছাত্র তখন নবম শ্রেনির ডোনার সঙ্গে শুরু স্কুলজীবনের প্রেম। এখনও বায়োপিকের অনেকাংশের শুটিং বাকি। আগামিকাল সম্ভবত ইডেন গার্ডেন্সে শুটিং হতে পারে। এছাড়াও শহর কলকাতার বিভিন্ন এলাকায় হবে 'দাদা'র শুটিং। তবে আগামীতে কোথা কোথায় শুটিং হবে সেই বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি।
