shono
Advertisement
Sunil Lahri on Ranbir Kapoor

কোথায় মর্যাদা পুরুষোত্তমের ব্যক্তিত্ব? রণবীরের 'রাম' অবতার নিয়ে বিস্ফোরক 'লক্ষ্মণ' সুনীল লহরী

রঘুনন্দনের চরিত্র চিত্রায়ণে রণবীর কাপুরের শরীরী ভাষা, অভিব্যক্তিতে অসন্তোষ প্রকাশ করলেন টেলিপর্দার 'লক্ষ্মণ'। সুনীল লহরী প্রশ্ন তুলেছেন কাপুরনন্দনের কাস্টিং নিয়েও! ঠিক কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 11:56 AM Apr 04, 2026Updated: 04:47 PM Apr 04, 2026

তেইশ সালে ওম রাউত পরিচালিত 'রামায়ণ'-এর আধুনিক সিনেসংস্করণ 'আদিপুরুষ' দেখে বেজায় চটেছিলেন টেলিপর্দার 'লক্ষ্মণ' সুনীল লহরী। পৌরাণিক কাহিনিকে অত্যাধুনিকভাবে দেখানোয় নির্মাতাদের সরাসরি 'নির্লজ্জ' বলে তোপও দেগেছিলেন অভিনেতা। বছর তিনেক আগে সেই বিতর্ক থেকে শিক্ষা নিয়েই যথাযথভাবে 'রামায়ণ' চিত্রায়ণের প্রতিশ্রুতি দিয়েছিলেন নীতেশ তিওয়ারি। কতটা পেরেছেন? সেটা পরখ করে দেখার জন্যেই বর্তমানে ২ মিনিট ৪০ সেকেন্ডের 'রামায়ণে'র টিজারের প্রতিটা ফ্রেম এইমুহূর্তে নেটভুবনের আতশকাচে। এমন আবহেই রণবীরের (Ranbir Kapoor) 'রাম' অবতার নিয়ে বিস্ফোরক মন্তব্য করে শোরগোল ফেললেন রামানন্দ সাগরের 'লক্ষ্মণ' সুনীল লহরী (Sunil Lahri)।

Advertisement

"এটা তো একটা প্রচারঝলক মাত্র, তবে বেশ কিছু বিষয় আমাকে খুব বিরক্ত করল! যেমন রণবীর কাপুরের লুক ঠিকই আছে। তবে রামসুলভ ব্যক্তিত্বের অভাব ওর মধ্যে।..." 

সদ্য হনুমান জয়ন্তীতে 'রামায়ণ'-এর মেগাবাজেট ঝলক প্রকাশ্যে এনে শোরগোল ফেলে দিয়েছেন কাপুরনন্দন। বিতর্কও অবশ্য কম হচ্ছে না! কেউ টিজারে অদ্ভূতদর্শন লঙ্কাসেনা রাক্ষসদের দেখে বিদ্রুপ করছেন। তো কারও বা আবার দাবি, 'রাম হয়েও রোম্যান্টিসিজমে আটকে রণবীর!' এবার রঘুনন্দনের চরিত্র চিত্রায়ণে রণবীর কাপুরের শরীরী ভাষা, অভিব্যক্তিতে অসন্তোষ প্রকাশ করলেন সুনীল লহরী। আটের দশকে রামানন্দ সাগরের 'রামায়ণ' সিরিয়ালে রামঅনুজের ভূমিকায় অভিনয় করে সাড়া ফেলেছিলেন সুনীল। লক্ষ্মণ বললেই যে অভিনেতার চেহারা আজও দর্শকমনে উঁকি দেয়। অতঃপর বলিউডের বিগবাজেট 'রামায়ণ'-এর ঝলক দেখে তাঁর কী মত? সেই কৌতূহল অস্বাভাবিক নয়। কারণ কয়েক দশক আগে অরুণ গোভিল, সুনীল লহরী, দীপিকা চিখলিয়াদের হাত ধরেই আপামর ভারতবাসীর টেলিভিশনের পর্দায় পৌঁছে গিয়েছিল 'রামায়ণ'। রামায়ণ-এর ঝলক প্রকাশ্যে আসার পরই বলিউডের সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন টেলিপর্দার 'লক্ষ্ণণ'। ভিএফএক্স বিতর্ক এড়িয়ে গেলেও সুনীলের মন্তব্য, "এটা তো একটা প্রচারঝলক মাত্র, তবে বেশ কিছু বিষয় আমাকে খুব বিরক্ত করল! যেমন রণবীর কাপুরের লুক ঠিকই আছে। তবে রামসুলভ ব্যক্তিত্বের অভাব ওর মধ্যে। অরুণ গোভিলের মধ্যে যে ধৈর্য, ​​প্রশান্তি এবং নিষ্পাপ ভাব ছিল, সেটা রণবীরের মধ্যে দেখতে পেলাম না।" এখানেই অবশ্য থামেননি সুনীল। প্রশ্ন তুলেছেন কাপুরনন্দনের কাস্টিং নিয়েও।

'রামায়ণ'-এ দ্বৈত চরিত্রে রণবীর কাপুর।

গোড়া থেকেই রণবীর কাপুরের কাস্টিং চরম বিতর্ক। বিশেষ করে 'অ্যানিম্যাল'-এর মতো উগ্র পৌরুষত্বের ছবি করার পর একেবারে বিপরীতধর্মী চরিত্র রঘুনন্দনের ভূমিকায় রণবীরের অভিনয় করা নিয়ে আপত্তি উঠেছিল ইন্ডাস্ট্রির অন্দরমহল থেকেও। প্রশ্ন উঠেছিল, 'অ্যানিম্যাল'-এ নৃশংস চরিত্রে দেখার পর কাপুরনন্দনকে কীভাবে রামের ভূমিকায় মেনে নেবেন দর্শক? এমন প্রশ্নে সায় দিয়ে মুখ খুলেছেন সুনীল লহরীও। তাঁর কথায়, "রণবীরকে দেখতে খানিক রুক্ষ লাগছে। ওঁকে বরং লক্ষ্মণ কিংবা ভরতের চরিত্রে বেশি মানাত। রামের মতো চরিত্রের জন্য সবসময়েই এমন কাউকে বেছে নেওয়া শ্রেয়, যাঁর চেহারা কিংবা ভাবমূর্তি দর্শকের কাছে একেবারে আনকোরা। এমন একজন অভিনেতা যার কোনও পূর্বনির্ধারিত ভাবমূর্তি বা বিতর্ক নেই। রঘুনন্দনের ভূমিকায় সেরকম কাউকে নির্বাচন করলেই যথাযথ হত।" তবে অভিনেতা পাশাপাশি এও বলেন যে, "রণবীর কাপুর যে নিজের অভিনয়শৈলীর মাধ্যমে রামের চরিত্রের প্রতি সুবিচার করবেন, আমি নিশ্চিত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement