হতে পারত মালদ্বীপ কিংবা মিয়ামি, নিদেনপক্ষে গোয়া- সানি লিওনের গন্তব্য হিসেবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু সব ছেড়ে মন্দারমণি! 'বলিউডের বম্বশেল'-এর মহিমায় বাংলার এই সৈকত শহরই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে। বাঙালির সপ্তাহান্তের ডেস্টিনেশন এখন গোটা বিশ্বের আতশকাচে। সৌজন্যে সানি লিওন। আর তাতেই মন্দারমণির পর্যটন শিল্প চাঙ্গা। 'দুষ্টু নায়িকা'র মোহজালে হুড়মুড়িয়ে বাড়ছে হোটেলে হোটেলে ভিনরাজ্যের বুকিং। রসিক নেটবাসিন্দাদের কথায়, 'এরপর হয়তো ব্যাংকে গচ্ছিত সব টাকা দিয়েই মন্দারমণিতে হোটেল বুক করতে হবে!' কারণ বিগত কয়েক দিনে মন্দারমণির সৈকত থেকে মুহুর্মুহু ছবি পোস্ট করে 'বিনামূল্যে' বাংলার পর্যটন শিল্পের প্রচার করে ফেলেছেন সানি। তবে এবার তৃপ্তিসুখ খুঁজলেন মুখরোচক বঙ্গরসনায়।
যদিও বাংলার সৈকত শহরে পাড়ি দেওয়ার নেপথ্যের কারণ এখনও খোলসা করেননি তিনি, তবে বিগত কয়েকদিনে যে দেশবাসীর মন থেকে মালদ্বীপকে সরিয়ে মন্দারমণির নাম খোদাই করে দিতে চেয়েছেন সানি লিওন, সেটা তাঁর পোস্টের বহরই বলে দেয়!
রথের বৃষ্টিভেজা দিনে বঙ্গবাসীদের মনে যখন জিলিপি-পাঁপড়ভাজার দৌড়াত্ম্য, তখন রসগোল্লায় মন মজেছে নীলছবির প্রাক্তন নায়িকার। এদিন সৈকত শহর থেকে ফের একটি পোস্ট করে পুরুষমনে ঝড় তুললেন সানি লিওন। পরনে স্বল্প দৈর্ঘ্যের স্কার্ট, উন্মুক্ত উর্ধ্বাঙ্গের ব্রালেট। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। আর কপালে তোলা কেতাদুরস্থ রোদচশমা। এহেন 'বোল্ড' অবতারেই বৃহস্পতিবার নেটভুবনে উন্মাদনার পারদ চড়িয়েছেন মডেল-অভিনেত্রী। বিনোদুনিয়ায় ফিসফাস, আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন এক সংস্থার জন্যেই প্রতিশ্রুতিমাফিক কর্মসূত্রে মন্দারমণিতে পা রেখেছেন লাস্যময়ী। যদিও বাংলার সৈকত শহরে পাড়ি দেওয়ার নেপথ্যের কারণ এখনও খোলসা করেননি তিনি, তবে বিগত কয়েকদিনে যে দেশবাসীর মন থেকে মালদ্বীপকে সরিয়ে মন্দারমণির (Mandarmani) নাম খোদাই করে দিতে চেয়েছেন সানি লিওন (Sunny Leone), সেটা তাঁর পোস্টের বহরই বলে দেয়! রথের দিনও তার ব্যতিক্রম হয়নি।
মন্দারমণির সৈকতে সানি লিওন। ছবি- ফেসবুক
হট অবতারের ফ্রেমের সঙ্গে জুড়ে দিয়েছেন রসিক ক্যাপশন। সানি লিওনের পোস্টে উল্লেখ, 'মন রসগোল্লা বললেও মেজাজ কিন্তু ফুচকা...!' স্বাভাবিকভাবেই গত কয়েকদিনের মতো এই পোস্টও দাবানল গতিতে ভাইরাল। অনুরাগীদের কৌতূহল, পর্যটন শিল্পের পর এবার কি বঙ্গরসনার প্রচারে সানি লিওন? পোস্টেও মডেল-নায়িকার উদ্দেশে প্রেম উজাড় করে দিয়েছেন একাংশ। কেউ কেউ বা আবার 'চপ-বেগুনি' চেখে দেখার নিদান দিয়েছেন বলিউড অভিনেত্রীকে।
