বলিউডের বহু বিতর্কিত পরিচালকের তালিকার শীর্ষে যার নাম উঠে আসে, তিনি নিঃসন্দেহে বিবেক অগ্নিহোত্রী। 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য কেরালা স্টোরি'র মতো ছবি ঘিরে চরম বিক্ষোভের মুখে পড়েছিলেন পরিচালক। রাজনৈতিক প্রেক্ষাপটে সিনেমা তৈরিই বিবেকের নির্দেশনার ইউএসপি। আরও একবার সেই পথেই পা বাড়ালেন পরিচালক। পরবর্তী ছবি 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor)-এর ঘোষণা করলেন বিবেক।
২০২৫ সালের ২২ এপ্রিলে ধর্ম পরিচয় বেছে পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা, তা দেখে শিহরিত হয়েছিল গোটা বিশ্ব। পালটা প্রত্যাঘাত করেছিল ভারতও। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সেই প্রত্যাঘাতের কাহিনি পর্দায় ফুটিয়ে তুলতে উদগ্রীব প্রযোজক ভূষণ কুমার ও পরিচালক বিবেক অগ্নিহোত্রী। গত বছরই মিলেছিল সেই আভাস, ২৬ মার্চ, বৃহস্পতিবার চর্চায় সিলমোহর দিলেন যুগলে।
ছবি ঘিরে যে যে বারংবার বিতর্ক তৈরি হয় সেই বিষয়টি সামনে রেখে বিবেকের বক্তব্য, তিনি কখনই বিতর্ক বা শোরগোলের পক্ষে নন। বরং সঠিক তথ্যের মাধ্যমে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা।
অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস টিনি ধিলোঁর লেখা বই 'অপারেশন সিঁদুর: দ্য আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়াস ডিপ স্ট্রাইকস ইনসাইড পাকিস্তান'-এর থেকে অনুপ্রাণিত হয়েছেন বিবেক। এক বিবৃতিতে পরিচালক বিবেক বলেছেন, "এটি শুধু একটি চলচ্চিত্র নয়, এটি একটি উদঘাটন। অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারত শুধু পাকিস্তানের বিরুদ্ধে পহেলগাঁও হামলার প্রতিশোধই নেয়নি, বরং উন্নত প্রযুক্তির সাহায্যে কীভাবে শত্রুনিধন করা সম্ভব সেই শক্তি প্রদর্শন করেছে।"
অন্যদিকে ভূষণ কুমারও এক বিবৃতিতে বলেন, "কিছু গল্প আমরা বেছে নিই না বরং গল্পগুলো আমাদের বেছে নেয়। অপারেশন সিঁদুর তেমনই একটি গল্প যেখানে সততা, সাহস এবং দায়িত্বের প্রতিফলন ঘটেছে। যখন একটি দেশ বা জাতি এই ধরনের ঘটনার সাক্ষী থাকে তখন সেটি নথিবদ্ধ করা বাঞ্ছনীয়।" উল্লেখ্য, 'দ্য কাশ্মীর ফাইলস', 'দ্য তাশখন্দ ফাইলস' এবং 'দ্য বেঙ্গল ফাইলস' খ্যাত অগ্নিহোত্রীর মতে, তিনি সবসময়ই এমন গল্পই বলতে চেয়েছেন যা অস্বস্তিকর হলেও সমাজের জন্য প্রয়োজনীয়। সত্যতা বজায় রেখে সাহসীকতা, পেশাদারিত্ব এবং সুকৌশলে গল্পটি দর্শকদের সামনে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ পরিচালক।
ছবি ঘিরে যে যে বারংবার বিতর্ক তৈরি হয় সেই বিষয়টি সামনে রেখে বিবেকের বক্তব্য, তিনি কখনওই বিতর্ক বা শোরগোলের পক্ষে নন। বরং সঠিক তথ্যর মাধ্যমে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করা। আগামী ছবি 'অপারেশন সিঁদুর' সংক্রান্ত আরও অনেক তথ্য সকলের সঙ্গে শেয়ার করবেন সেই বিষয়টিও নিশ্চিত করেছেন 'ফাইলস ট্রিলজি'র পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
