গোয়েন্দা গল্পের প্রতি বাঙালির বরাবরই অদ্ভুত আকর্ষণ। ফেলুদা-ব্যোমকেশের উত্তরসূরি হিসেবে সেই আখ্যানে নয়া সংযোজন গোয়েন্দা 'ফুল পিসি'। ঘোষণার পর থেকেই উইন্ডোজ প্রযোজনা সংস্থার এই গোয়েন্দা গল্প নিয়ে কৌতূহলের অন্ত নেই। এবার রহস্য-রোমাঞ্চের মোড়কে পালঙ্ক কাঁপানো ঠুনকো পৌরষের আস্ফালন দেখিয়ে বাজিমাত করলেন পরিচালক জুটি নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। সদ্য মুক্তি পেয়েছে 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এর ট্রেলার। সেখানেই ঝলকের পরতে পরতে ফুটে উঠল পিতৃতন্ত্রের যাঁতাকলে নারীমনের কষ্ট-যন্ত্রণার কাহিনি।
রহস্যে মোড়া 'ফুলপিসি ও এডওয়ার্ড'র ট্রেলার
গল্পের শুরু এক রাজপরিবারের অন্দরের কেচ্ছা দিয়ে। যে মসনদের শেষ কথা রাজা মনীন্দ্র চন্দ্র নন্দী। সংশ্লিষ্ট চরিত্রে অর্জুন চক্রবর্তী। রাজা একাধিক নারীতে আসক্ত। প্রথম বিয়ে-সন্তান থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করেছেন। কিন্তু 'দুয়োরানি' রাইমা সেন গর্ভে সন্তান ধারণ করতে না পারায় মনীন্দ্রর নজর পড়ে তার ষোড়শী শ্যালিকা শ্যামৌপ্তি মুদলির উপর। অতঃপর সন্তান (সৌম্য মুখোপাধ্যায়) থাকা সত্ত্বেও রাজবেশে তৃতীয় বিয়ের জন্য ছাঁদনাতলায় বসেন তিনি। কিন্তু বিয়ের আসরে বসাই কাল! আচমকা মৃত্যু হয় রাজা মনীন্দ্র চন্দ্র নন্দী। ডাক্তার জানায়, এটা অস্বাভাবিক মৃত্যু। কিন্তু খুনটা করল কে? সন্দেহের তালিকায় রাজপরিবারের সাত সদস্য। বাদ গেল না ভাই (সাহেব চট্টোপাধ্যায়) এবং পরিবারে আশ্রিতা নতর্কীও (অনন্যা চট্টোপাধ্যায়)। এরপরই ময়দানে অবতরণ পরিবারে শৈশব থেকে 'ব্রাত্য' থাকা 'ফুল পিসি' ওরফে সোহিনী সেনগুপ্তের। সে কি পারবে 'লম্পট' দাদা মনীন্দ্রর খুনের রহস্য সমাধান করতে? বাকিটা দেখতে হলে অপেক্ষা করতে হবে ২৯ মে অবধি। কারণ সেদিনই প্রেক্ষাগৃহে আসছে নন্দিতা-শিবপ্রসাদ পরিচালিত গোয়েন্দা-কৌতূক ছবি 'ফুল পিসি ও এডওয়ার্ড'। তবে এই সিনেমার গল্পের একাধিক প্লট, লেয়ার রয়েছে। ট্রেলারেই তা সুস্পষ্ট। পুলিশের ভূমিকায় নজর কাড়লেন রজতাভ দত্তও।
বরবেশে অর্জুন চক্রবর্তী।
নারীর অধিকার যে শুধু বিছানায় নয়, ট্রেলারে সেই বার্তাই ফুটিয়ে তোলার প্রচেষ্টা করেছেন টলিউডের 'হিটমেশিন' পরিচালকজুটি নন্দিতা-শিবপ্রসাদ।
সিনেমা নাকি সমাজের আয়না? নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি দেখতে বসলে এমন কৌতূহলের উদ্রেক অস্বাভাবিক নয়। ‘ইচ্ছে’, ‘রামধনু’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘মুক্তধারা’, ‘কণ্ঠ’ থেকে হালফিলের ‘রক্তবীজ’ কিংবা ‘বহুরূপী’, প্রতিটি ছবিকেই বাস্তব আঙ্গিকে তুলে ধরেছেন উইন্ডোজ জুটি। কখনও তাঁদের সিনেমার বিষয়বস্তু হয়েছে শিশু মনস্তত্ত্ব, কখনও বা ল্যারিঞ্জিক্যাল ক্যানসারের বিরুদ্ধে লড়াই আবার কখনও বা জাত-ধর্মের উর্ধ্বে গিয়ে মানবতার ‘গোত্র’ ফ্রেমে তুলে ধরেছেন তাঁরা। ‘ফুল পিসি ও এডওয়ার্ড’-এর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। নারীর অধিকার যে শুধু বিছানায় নয়, ট্রেলারে সেই বার্তাই ফুটিয়ে তোলার প্রচেষ্টা করেছেন টলিউডের 'হিটমেশিন' পরিচালকজুটি নন্দিতা-শিবপ্রসাদ।
