বর্ণময় কেরিয়ার থেকে ক্রিকেটময় জীবন, সিনেপর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনিচিত্র চাক্ষুষ করার অপেক্ষায় দিন গুনছেন দর্শক, অনুরাগী ও একইসঙ্গে ক্রীড়াপ্রেমীরা। সৌরভের ভূমিকায় কে অভিনয় করছেন? এই প্রশ্ন যেমন একটা সময়ে কৌতূহলের সঞ্চার করেছিল তেমনই মহারাজের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটি ভূমিকায় কে অভিনয় করছেন সেই নিয়েও কম কৌতূহলের উদ্রেক হয়নি। এবার প্রকাশ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকে মা-বাবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় সম্ভাব্য অভিনেতা-অভিনেত্রীদের নাম। কারা কোন ভূমিকায়?
সৌরভ গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও, একথা কারও অজানা নয়। এবার সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বলিউডের অভিনেতা বোমান ইরানি। মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বাংলা বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বলে রাখা ভালো হাওড়ার মেয়ে হলেও বিবাহসূত্রে আজ বহু বছর বেহালার বাসিন্দা অপরাজিতা। ছবিতে বিসিসিয়াই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকায় দেখা যেতে পারে গজরাজ রাওকে। যদিও এখনও কিছু নিশ্চিত করা হয়নি। আগামী ১৬ মার্চ থেকে শুরু হবে ছবির শুটিং।
সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিনেতা রাজকুমার রাও, ছবি: সোশাল মিডিয়া।
বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বলিউডের অভিনেতা বোমান ইরানি। মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বাংলা বিনোদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
প্রসঙ্গত, দাদার বায়োপিকের দায়িত্ব বর্তেছে বলিউডের নামজাদা পরিচালকের কাঁধে। লাভ রঞ্জন, অঙ্কুর গর্গের স্বপ্নের প্রজেক্ট। অতঃপর এই সিনেমার পরিচালকের আসনে কে বসবেন? সেই বিষয়ে যে, একটা আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। জানা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে দক্ষতার ছাপ রেখেছেন। সেই পরিচালকের ফ্রেমে ‘প্রিন্স অফ ক্যালকাটা’র বর্ণময় জীবনকাহিনী কেমন ফুটে ওঠে? দেখার অপেক্ষায় দর্শক-অনুরাগীরা।
