'আত্মঘাতী' বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী। শনিবার ঢাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে আফরা ইভনাথ খান ইকরার দেহ। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এরপরই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, সহশিল্পীর সঙ্গে নাকি পরকীয়ায় জড়িয়েছেন জাহের আলভী। সেই কারণেই বধূর এই চরম সিদ্ধান্ত কি না, তা খতিয়ে দেখছে বাংলাদেশ পুলিশ।
স্ত্রী ইকরার সঙ্গে জাহের আলভী।
বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী। নিয়মিত সেদেশের নাটকে দেখা যায় তাঁকে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন আলভী। তা জানতে পেরেছিলেন অভিনেতার স্ত্রী। স্বাভাবিকভাবেই দাম্পত্য কলহ চরমে ওঠে। কিন্তু তাতেও লাভের লাভ কিছু হয়নি। সহশিল্পীর সঙ্গে আলভীর ঘনিষ্ঠতায় কোনওরকম ভাটা পড়েনি। দিন কয়েক আগে ছিল তিথির জন্মদিন। সেদিন সহশিল্পীকে বাহুডোরে আগলে রাখার একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেতা। ক্যাপশনে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন নায়িকা। জীবনে আরও অনেক দূর যেতে হবে। তুমি আমার দেখা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিশ্রমী ও পছন্দের কো আর্টিস্ট। তোমার পরিশ্রম তোমাকে এগিয়ে নিয়ে যাবেই। সহজ-সরল ও সুন্দর হোক তোমার জীবন।’
সহশিল্পী ইফফাত আরা তিথির সঙ্গে জাহের আলভী।
এরপরই শুটিংয়ের কাজে নেপাল যান আলভী। সূত্রের খবর, সেখানেও নাকি অভিনেতা সঙ্গে গিয়েছেন তিথি। গত ২৭ ফেব্রুয়ারি ফেসবুকে একটি ইঙ্গিতবাহী পোস্ট করেন অভিনেতার স্ত্রী। লেখেন, ‘কেউ কারও পুরো জীবন ধ্বংস করে দেওয়ার পর নিজের মাত্র একটা দিন নষ্ট হওয়ার জন্য কাঁদছে। কান্নার চেয়েও এই পরিহাস আরও বেশি তীব্র।’ এর পরের দিনই আত্মঘাতী হন ইকরা। ফেসবুক পোস্টের ভিত্তিতে মনে করা হচ্ছে, স্বামীর এই বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন ইকরা। সেই কারণেই চরম সিদ্ধান্ত। উল্লেখ্য, স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়েই সোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন আলভী। লিখেছেন, "আমার আর আমাদের সন্তানের কথা না ভেবে এভাবে চলে গেল!" পোস্টেই আলভী জানিয়েছেন নেপাল থেকে দ্রুত ফেরার চেষ্টা করছেন। ফিরে সকলের সঙ্গে কথা বলবেন তিনি।
