জন্মলগ্ন থেকেই শিক্ষাব্যবস্থার দুর্নীতি, প্রশ্নফাঁস (NEET Paper Leak), পরীক্ষায় ব্যাপক খরচ এবং সার্বিকভাবে পড়ুয়াদের প্রতি কেন্দ্রের দায়বদ্ধতার অভাব নিয়ে আন্দোলন করে চলেছে ককরোচ জনতা পার্টি। গত ২৮ জুন থেকে নিট কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করে 'ককরোচ জনতা পার্টি'। দাবিপূরণ না হওয়ায় অনশনে বসেন পড়ুয়াদের একাংশ। যাদের নেতৃত্ব দেন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। টানা পঁচিশ দিন ধরা চলা এই বিক্ষোভ আরও নাটকীয় মোড় নেয় গত সোমবারের 'সংসদ চলো' অভিযানকে কেন্দ্র করে। যে আন্দোলনকে ঘিরে বর্তমানে উত্তাল আসমুদ্রহিমাচল। সেই কাহিনিই এবার ওটিটির পর্দায় মুক্তির আলো দেখবে সিরিজের আকারে।
অগ্নিগর্ভ রাজধানীতে 'আরশোলা'দের বিক্ষোভের আবহে সিরিজের পয়লা ঝলক ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়িয়েছে।
ককরোচ জনতা পার্টির বিক্ষোভ।
বুধবার নিট কেলেঙ্কারি নিয়ে সিরিজ ঘোষণা করল জি ফাইভ। পাশাপাশি উন্মোচিত হল স্বল্পদৈর্ঘ্যের এক ঝলকও। যেখানে রহস্যে-রোমাঞ্চের মোড়কে নিট প্রশ্নপত্র ফাঁসের নেপথ্য কাহিনির ঝলক ফুটে উঠেছে। দেশের শিক্ষাদুর্নীতির প্রসঙ্গ টেনেই সিরিজের শিরোনাম রাখা হয়েছে 'দ্য স্ক্যাম: লিকড'। প্রায় এক মিনিটের টিজারে দেখা গেল, কড়া নজরদারির মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র ছাপা হচ্ছে। এরপর চূড়ান্ত গোপনীয়তা বজায় রেখে সেই প্রশ্নপত্রগুলি একটি বক্সে ভরা হচ্ছে। এরপরই ঘটে বিপত্তি! প্রশ্নপত্র বহনকারী বাক্সগুলি গাড়িতে বোঝাই করার ঠিক আগেই একজনের হাতে পড়ে যায়। সেই দুর্জন ছবি তুলে ফাঁস করে দেয় নিট প্রশ্নপত্র। এরপর? বাকি কাহিনিও বাস্তবের আদলেই সাজিয়েছেন নির্মাতারা। 'দ্য স্ক্যাম: লিকড'-এর ছোট্ট ঝলকে ফুটে উঠেছে এক শিক্ষার্থীর আত্মহত্যাকে ঘিরে পড়ুয়াদের বিক্ষোভ, সংবাদমাধ্যমের অনুসন্ধানের দৃশ্য। বলাই বাহুল্য, অগ্নিগর্ভ রাজধানীতে 'আরশোলা'দের বিক্ষোভের আবহে সিরিজের পয়লা ঝলক ইতিমধ্যেই কৌতূহলের পারদ চড়িয়েছে।
'আদতেই এই ঘটনা লক্ষ লক্ষ স্বপ্নের বলি, গোটা বিশ্বের কাছে তুলে ধরা উচিত ছাত্রদের যন্ত্রণার কাহিনি।'
বুধবার সোশাল মিডিয়ায় টিজার উন্মোচন করে নির্মাতারা লিখেছেন, "একটি প্রশ্নপত্র, লক্ষ লক্ষ স্বপ্ন, আর সেই প্রশ্নপত্র ফাঁস হওয়ায় একটি গোটা জাতির বিশ্বাসে আঘাত। 'দ্য স্ক্যাম: লিকড' শীঘ্রই আসছে জি ফাইভে।" যদিও সিরিজ মুক্তির দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি, তবে পড়ুয়াদের আন্দোলনের আবহে এই সিরিজের টিজার ইতিমধ্যেই সোশাল পাড়ায় সাড়া ফেলে দিয়েছে। বর্তমান প্রজন্মের দর্শকও যে ওটিটির পর্দায় নিট কেলেঙ্কারির কাহিনি দেখার জন্য মুখিয়ে রয়েছেন, সেটা প্রচারঝলকের মন্তব্যবাক্সে চোখ রাখলেই বেশ বোঝা যাচ্ছে। কারও মন্তব্য, আদতেই এই ঘটনা 'লক্ষ লক্ষ স্বপ্নের বলি, গোটা বিশ্বের কাছে তুলে ধরা উচিত ছাত্রদের যন্ত্রণার কাহিনি।' কেউ বা বললেন, 'মুক্তির অপেক্ষায় মুখিয়ে রয়েছি।'
