নিট কেলেঙ্কারিতে তোলপাড় কাশ্মীর টু কন্যাকুমারী। তরুণ প্রজন্ম দেশের শিক্ষাব্যবস্থা সুনিশ্চিত করতে দিল্লির রাজপথে বিনিদ্র রজনী যাপন করছে। সংশ্লিষ্ট ইস্যুতে 'মৌনব্রত' পালনে বলিউডের প্রথমসারির তারকাদের একাংশ যুবপ্রজন্মের কটাক্ষের শিকার হচ্ছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে একটি শব্দ খরচ না করে নিজের অনুরাগীমহলের রোষানলে বলি ডিভা ক্যাটরিনা কাইফ। এবার 'ককরোচ'দের বিক্ষোভ নিয়ে প্রশ্ন এড়িয়ে যেতেই তুমুল সমালোচনার মুখে সঙ্গীতশিল্পী সোনু নিগম।
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সোনুর সেই মুহূর্তের ভিডিও। যা ঘিরে সোশালপাড়ায় শোরগোল। তবে কটাক্ষের মুখে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি গায়ক সোনু নিগম। একইসঙ্গে সোনুর ব্যবহারে দ্বিধাবিভক্ত নেটভুবন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাংবাদিকরা ছাত্র আন্দোনল নিয়ে প্রশ্ন করলে এবিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন সোনু নিগম। বরং কিছুটা বিরক্তি সহকারে বলেন, "আব হো গয়া, ব্যাস।" যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, এবার হয়ে গিয়েছে তো?
সোনু নিগম
এরপর আর কোনও কথা না বলে সেখান থেকে চলে যান। এই ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ক্ষুদ্ধ নেটাগরিকদের একাংশ। তাঁদের মতে, চলচ্চিত্র, সঙ্গীত ও বিনোদন জগতের বহু পরিচিত মুখ যখন আন্দোলনরত ছাত্রদের সমর্থনে বক্তব্য রাখছেন, তখন সোনুরও মতামত জানানো উচিত ছিল। নীরবতার সমালোচনা করে এক নেটিজেন লেখেন, 'অত্যন্ত লজ্জাজনক। প্রতিভা থাকলেই ভালো মানুষ হওয়া যায় না।'
নিট কেলেঙ্কারি ঘিরে অশান্ত দিল্লি
অপর এক নেটাগরিকের খোঁচা, 'নিজেদের স্বার্থপূরণ বা লাভের বিষয় না থাকলে তথাকথিত তারকা ব্যক্তিত্বদের কোনও বিষয়ে সেভাবে অবদান থাকে না। ছাত্রদের ন্যায্য দাবি বা দেশের ভবিষ্যৎ নিয়ে তাঁদের কোনও অবস্থান নেই।' অনেকে আবার সোনুর সমর্থনেও কথা বলেছেন। তাঁদের মতে, সেলিব্রিটিদের প্রতিটি রাজনৈতিক বা বিতর্কিত ইস্যুতে মত প্রকাশে বাধ্য করা উচিত নয়।
গায়কের সমর্থনে এক ব্যক্তির দাবি, অতীতের বিতর্কের কারণেই সোনু হয়তো এখন আরও অনেক বেশি সতর্ক। এক ভক্তের মন্তব্য, 'ওঁকে দোষ দেওয়া যায় না। আজান নিয়ে টুইটের পর বলিউড তাঁকে কার্যত বয়কট করেছিল। বহু বাধা পেরিয়ে আবার ঘুরে দাঁড়িয়েছেন। তাই যে কোনও বিষয়েই অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করতে হয়।'
