এখন টি-২০ ক্রিকেটের যুগ। বলে বলে ছক্কা হাঁকানোর যুগ। ২০ ওভারে ২৫০ রান তোলার যুগ। কিন্তু তা বলে মাত্র ৫০ ওভারে একটি দল ৮২২ রান তুলে দেবে! অবিশ্বাস্য হলেও এমন কাণ্ডই ঘটেছে জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেটে (Zimbabwe Domestic Cricket)। ৫০ ওভারে শুধু ৮২২ রান তোলাই নয়, বিপক্ষ দলকে ৭৯৪ রানে হারিয়েছে জয়ী দল।
জিম্বাবোয়ের ঘরোয়া ক্রিকেট ফার্স্ট লিগ ক্রিকেটে মজাদার ম্যাচটি হয়েছে। প্রথমে ব্যাট করতে নেমে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব ৫০ ওভারে তুলে দিল ৮২২ রান। জিম্বাবোয়ে ক্রিকেটের ইতিহাসে এটিই সম্ভবত সবচেয়ে চমকপ্রদ ম্যাচ। যেখানে ৫০ ওভারের ক্রিকেটে দুই দলের মিলিত স্কোর ৮০০ পেরোয় না। সেখানে এক ইনিংসে ৮২২ রান! একই ইনিংসে ৩ জন সেঞ্চুরি করলেন। তাঁদের মধ্যে একজন করলেন ডবল সেঞ্চুরি, এমনকী একজন ট্রিপল সেঞ্চুরিও করেছেন।
মাত্র ৭৫ বলে ২০৩ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছেন উইনফেড মাতেনডে। তিনি ২৩টি বাউন্ডারি এবং ১৩টি ওভার বাউন্ডারি মেরেছেন। তাকুন্দা মাডেম্বো করেছেন ১৪৩ বলে ৩০২ রান। তিনি ৫০টি বাউন্ডারি এবং ৭টি চার মেরেছিলেন। তিনি আউট হননি। শেষ পর্যন্ত তাঁকে রিটায়ার্ড আউট করা হয়। সেঞ্চুরি করেছেন গ্যাব্রিয়েল জায়াও। সব মিলিয়ে ৫০ ওভারে ১৬'র বেশি রানের গড় রেখেছে স্কর্পিয়ন্স ক্রিকেট ক্লাব।
এতক্ষণ পড়ার পর হয়তো মনে হচ্ছে যে মাঠে খেলা হয়েছে, সেটা ব্যাটারদের স্বর্গরাজ্য। কিন্তু পরের ইনিংসেই ভুল ভাঙল। স্কর্পিয়ন্সের প্রতিপক্ষ মেথেন লায়ন্স মাত্র ২৮ রানে ৭ উইকেট খোয়াল। সেখানেই ইনিংস ডিক্লেয়ার করে তাঁরা। ফলে ৭৯৪ রানের বিরাট ব্যবধানে জেতে স্কর্পিয়ন্স।
লিস্ট এ ক্রিকেটে এই স্কোর রেকর্ড। এর আগে লিস্ট এ ক্রিকেটে ৫০ ওভারে সর্বোচ্চ রান ছিল বিহারের। গত বিজয় হাজারেতেই অরুণাচল প্রদেশের বিরুদ্ধে বৈভব সূর্যবংশীরা করেন ৫৭৪ রান। বৈভব নিজেই ১৯০ রান করে। এর আগে ২০২২ সালে এই অরুণাচলের বিরুদ্ধেই তামিলনাড়ু করেছিল ৫০৬ রান। এ ছাড়া আর কোনও দল এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ৫০০ রান পেরোয়নি।
