কেকেআরের কাছে এখন সব ম্যাচই মরণবাঁচন। প্রত্যেকটা ম্যাচ থেকে দুই পয়েন্ট পেলে তবেই প্লে অফে যাওয়ার পথ খুলবে। এহেন পরিস্থিতিতে দীর্ঘ দেড়ঘণ্টা পর আরসিবি বনাম কেকেআর ম্যাচের টস হল। তবে টসে জিততে পারলেন না নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে। প্রথমে ব্যাট করতে হবে কেকেআরকে। এদিন নাইটদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামবেন সৌরভ দুবে, যাঁকে হর্ষিত রানার পরিবর্ত হিসাবে দলে নিয়েছিল নাইটরা।
চিন্নাস্বামী স্টেডিয়াম নয়, দ্বিতীয় ঘরের মাঠ রায়পুরে এদিন খেলতে নেমেছে আরসিবি। রায়পুরে গত বৃহস্পতিবারের ম্যাচেও থাবা বসিয়েছিল বৃষ্টি। সেই একই ধারা বজায় থাকল কেকেআরের বিরুদ্ধে ম্যাচেও। এদিন টসের মিনিট দশেক আগে পর্যন্ত বৃষ্টি হল রায়পুরে। তার জেরে দেড় ঘণ্টা পিছিয়ে গেল টস। শেষ পর্যন্ত সন্ধে সাতটার পরিবর্তে রাত সাড়ে আটটায় রাহানের সঙ্গে টস করতে নামলেন আরসিবি অধিনায়ক রজত পাতিদার। রাত পৌনে নটায় খেলা শুরু হয়েছে, ফলে নির্ধারিত ২০ ওভার করেই ব্যাট করবে দুই দল।
টস জিতে কেকেআরকে ব্যাটিং করতে পাঠান পাতিদার। এই ম্যাচ জিতলেই প্লে অফে কার্যত নিশ্চিত হয়ে যাবে গতবারের চ্যাম্পিয়নরা। তবে আপাতত একটা করে ম্যাচ ধরে এগোতে চান পাতিদার। আগের ম্যাচে কম রানের টার্গেট থাকা সত্ত্বেও একেবারে শেষ বলে গিয়ে জিতেছিল আরসিবি। তবে পাতিদারের মতে, ওই ম্যাচ থেকে দলের আত্মবিশ্বাস অনেক বেড়েছে।
কেকেআর শিবিরে অবশ্য এদিন বেশ বড় ধাক্কা লেগেছে। চোটের কারণে আরসিবির বিরুদ্ধে খেলতে পারবেন না বরুণ চক্রবর্তী। তাঁর পরিবর্ত হিসাবে সৌরভকে আনা হয়েছে। তবে সৌরভ প্রথম একাদশে নেই, ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলানো হবে তাঁকে। রাহানের কথায়, টানা চার ম্যাচ জিতেছে দল, সকলেই ভালো খেলছে। তবে প্লে অফ নিয়ে আলাদা করে ভাবছেন না রাহানে। একটা করে ম্যাচ ধরে এগোতে চাইছেন নাইট অধিনায়ক।
