shono
Advertisement
Mohammed Shami

বুমরাহ-সিরাজ অনিশ্চিত, আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে কি ডাক পাবেন শামি?

বোর্ড সূত্রে খবর, পূর্ণশক্তির ব্যাটিং লাইন-আপ নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া। তবে বোলিং বিভাগে একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন হল, আফগানদের বিরুদ্ধে কি সুযোগ পাবেন মহম্মদ শামি?
Published By: Prasenjit DuttaPosted: 08:44 PM May 13, 2026Updated: 08:44 PM May 13, 2026

আইপিএল শেষ হওয়ার পরই আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। শুরুতে মনে করা হয়েছিল, ব্যস্ত সূচির কথা মাথায় রেখে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু পরে বোর্ড সূত্রে খবর, পূর্ণশক্তির ব্যাটিং লাইন-আপ নিয়েই নামতে চায় টিম ইন্ডিয়া। তবে বোলিং বিভাগে একাধিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রশ্ন হল, আফগানদের বিরুদ্ধে কি সুযোগ পাবেন মহম্মদ শামি?

Advertisement

সবচেয়ে বড় প্রশ্ন জশপ্রীত বুমরাহকে ঘিরে। মুম্বই ইন্ডিয়ান্স প্লেঅফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় তাঁর সামনে অতিরিক্ত ম্যাচ নেই ঠিকই, কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইপিএল মিলিয়ে টানা ক্রিকেট খেলছেন তিনি। তাই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবে তাঁকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে জোর জল্পনা চলছে। একই সঙ্গে মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণ খেলবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে। গুজরাট টাইটান্স এখনও প্লেঅফের লড়াইয়ে থাকায় তাঁদের ফিটনেস নিয়ে সতর্ক নির্বাচকরা। চোটের কারণে আকাশ দীপ ও হর্ষিত রানা আপাতত চোট সমস্যার কারণে বাইরে। ফলে পেস আক্রমণ সাজানো নিয়ে বাড়তি ভাবনায় টিম ম্যানেজমেন্ট।

এই পরিস্থিতিতে উঠে আসছে মহম্মদ শামির নাম। বাংলার অভিজ্ঞ পেসার চলতি মরশুমে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। আইপিএলেও নিজের জাত চিনিয়েছেন। যদিও ২০২৩ সালের পর আর ভারতের হয়ে টেস্ট খেলেননি তিনি। সাম্প্রতিক পারফরম্যান্সের জেরে তাঁর প্রত্যাবর্তনের আলোচনা শুরু হলেও একাধিক প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, নির্বাচকরা নাকি ভবিষ্যতের পরিকল্পনায় শামিকে খুব একটা ভাবছেন না। ফলে আফগানিস্তানের বিরুদ্ধে তিনি সুযোগ পেলে সেটাকে বড় চমক হিসেবেই দেখা হবে।

অন্যদিকে ভবিষ্যতের কথা ভেবে তরুণ পেসারদের দিকেও নজর দিচ্ছে বিসিসিআই। অংশুল কম্বোজ ও গুরনুর ব্রারের নাম ইতিমধ্যেই আলোচনায় এসেছে। পাশাপাশি জম্মু-কাশ্মীরের তরুণ পেসার আকিব নবিকেও নিয়ে চর্চা শুরু হয়েছে। ‘ওয়াইল্ড কার্ড’ হিসাবে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁকে জাতীয় দলে সুযোগ দেওয়া হতে পারে বলে খবর। আগামী সপ্তাহেই নির্বাচকরা বৈঠকে বসবেন। আইপিএলের প্লেঅফের ছবি পরিষ্কার হওয়ার পরই চূড়ান্ত হবে আফগানিস্তান সিরিজের ভারতীয় দল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement