সেদেশে খেলার কথা হলে এখনও আতঙ্কে ভোগেন অনেক ক্রিকেটার। পিএসএল থেকে একের পর এক তারকা ক্রিকেটার নাম তুলে নিয়েছিলেন। এবার আন্তর্জাতিক ক্রিকেটেও সেই ছবি। পাকিস্তানে যেতে নারাজ ওয়েস্ট ইন্ডিজ বোলিংয়ের প্রধান অস্ত্র আলজারি জোসেফ (Alzarri Joseph)। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি। তবে কী সেই ব্যক্তিগত কারণ, তা এখনও প্রকাশ্যে আসেনি। সিরিজ শুরুর ঠিক আগে তারকা পেসার নাম তুলে নেওয়ায় শুরু হয়েছে জোর বিতর্ক।
সিরিজ শুরুর আগে স্যামি বলেন, "এটা আমাদের জন্য খুব বড় ক্ষতি। জোসেফ নিজেই অনুরোধ করেছে যাতে ওকে এই সিরিজের দলে না রাখা হয়। ওকে দলে নেওয়া হয়েছিল। চোট সারিয়ে সবে ফিরেছিল। কিন্তু কিছু ব্যক্তিগত কারণে না খেলার আবেদন করেছে। এই সিদ্ধান্ত আমার মাথার অনেক উপর দিয়ে গিয়েছে। বিষয়টি বোর্ডের কর্তাদের উপরেই ছেড়ে দিয়েছি। চুক্তিবদ্ধ ক্রিকেটারেরা কীভাবে না খেলতে চাওয়ার অনুরোধ করতে পারে, সেটাই ভাবাচ্ছে।"
আলজারি জোসেফ। ফাইল ছবি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ৪২টি টেস্ট ম্যাচ খেলেছেন জোসেফ। তাঁর ঝুলিতে ১৩০টি উইকেট। তিন ফরম্যাটেই নিয়মিত খেলেন তিনি। ঠিক কী কারণে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই সিদ্ধান্তের জেরে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। তবে জোসেফের অনুপস্থিতিতেও বোলিং নিয়ে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ। দলে রয়েছেন শামার জোসেফ, কেমার রোচ, জেডেন সিলেসের মতো পেসার। অলরাউন্ডার হিসাবে থাকছেন জাস্টিন গ্রিভস ও কিমো পল। স্পিন বিভাগে জোমেল ওয়ারিকান, জোশুয়া বিশপ এবং অধিনায়ক রস্টন চেজ।
নিজেদের বোলিং আক্রমণ নিয়ে আশাবাদী স্যামির মন্তব্য, "আমাদের হাতে এমন বোলিং বিভাগ রয়েছে যারা ২০টি উইকেট নেওয়ার ক্ষমতা রাখে। টেস্ট ম্যাচ জিততে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা সেই সামর্থ্যের প্রমাণ দিয়েছি। অস্ট্রেলিয়াকে প্রতি বলে টক্কর দিয়েছি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একই লড়াই দেখা গিয়েছে। ব্যাটারেরাও কঠোর পরিশ্রম করে উন্নতি করেছে, শ্রীলঙ্কা সিরিজেই তার প্রমাণ মিলেছে।"
