shono
Advertisement
Arjun Tendulkar

শীঘ্রই বিয়ের পিঁড়িতে ছেলে অর্জুন, দিনক্ষণ জানালেন খোদ শচীন! কোথায় হবে এলাহি আয়োজন?

বাগদানের ৬ মাস পরেই বিয়ের পিঁড়িতে বসছেন অর্জুন তেণ্ডুলকর। গত ১৩ আগস্ট চুপিসারে বাগদান সেরেছিলেন শচীন তেণ্ডুলকরের পুত্র। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান সারেন।
Published By: Anwesha AdhikaryPosted: 01:44 PM Feb 01, 2026Updated: 02:30 PM Feb 01, 2026

বাগদানের ৬ মাস পরেই বিয়ের পিঁড়িতে বসছেন অর্জুন তেণ্ডুলকর। গত ১৩ আগস্ট চুপিসারে বাগদান সেরেছিলেন শচীন তেণ্ডুলকরের পুত্র। এবার সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন। দিনক্ষণ নিশ্চিত করলেন খোদ মাস্টার ব্লাস্টার। কোথায় হবে বিয়ের এলাহি আয়োজন? তাও জানিয়ে দিলেন। 

Advertisement

জানা গিয়েছে, আগামী ৫ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন অর্জুন। ডেস্টিনেশন ওয়েডিং নয়, নিজের শহর মুম্বইতেই গাঁটছড়া বাঁধবেন শচীনপুত্র। ইতিমধ্যেই আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে নিমন্ত্রিতদের, এমনটাও শোনা গিয়েছে। 

গত বছরের আগস্টে বাগদান সারেন অর্জুন তেণ্ডুলকর। ছোট্ট এক অনুষ্ঠানে সানিয়া চন্দোকের সঙ্গে বাগদান করেছেন শচীনপুত্র। তবে দুই পরিবারের তরফ থেকে বিষয়টিকে সেভাবে চর্চায় আনা হয়নি। বাগদানের পর প্রায়ই শচীনকন্যা সারার সঙ্গে দেখা গিয়েছে সানিয়াকে। এবার সাত পাকে বাঁধা পড়তে চলেছেন অর্জুন-সানিয়া। বেশ কয়েকদিন ধরেই জল্পনা ছিল, আইপিএলের আগেই বিয়ে সারতে চলেছেন শচীনপুত্র। এবার জানা গেল, আগামী ৫ মার্চ সাতপাকে ঘুরবেন শচীন এবং সানিয়া। মুম্বইয়েই বিয়ের আসর বসতে চলেছে। সেই বিশেষ দিনে শচীনের নিমন্ত্রিতদের তালিকায় কে কে থাকছেন তা এখনও জানা যায়নি। 

প্রসঙ্গত, এবারের আইপিএলে নয়া অভিযানে নামবেন অর্জুন। এবার লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলতে দেখা যাবে তাঁকে। এতদিন পর্যন্ত কেবল মুম্বই ইন্ডিয়ান্সের স্কোয়াডেই ছিলেন অর্জুন। এবার নতুন অভিযান আইপিএলে। সেই যাত্রা শুরুর আগেই জীবনের নতুন ইনিংসও শুরু করতে চলেছেন শচীনপুত্র। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে অর্জুনকে সেভাবে ছন্দে দেখা যায়নি। গোয়ার হয়ে ওপেনও করেছে। কিন্তু ব্যাট বা বল কোনও ক্ষেত্রেই সাফল্য পাননি।

উল্লেখ্য, অর্জুনের হবু স্ত্রী সানিয়া মুম্বইয়ের বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে এই ঘাই পরিবার। ইন্টারকন্টিনেন্টাল হোটেল, আইসক্রিম ব্র্যান্ড ব্রুকলিম ক্রিমারির মালিক এই ঘাই পরিবার। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন সানিয়াও। মিস্টার পস পেট স্পা অ্যান্ড স্টোর নামে এক নতুন ব্যবসা শুরু করেছেন তিনি। পোষ্যদের গ্রুমিংয়ে জন্য মুম্বইয়ে এই ব্র্যান্ড খুবই বিখ্যাত। শোনা যায়, শচীনকন্যা সারার 'বেস্ট ফ্রেন্ড' ছিলেন সানিয়া। সেখান থেকেই অর্জুনের সঙ্গে সানিয়ার সম্পর্ক এবং সেখান থেকে বিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement