shono
Advertisement
Bangladesh Cricket Board

বন্ধ বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তবু বোর্ডের কোন সিদ্ধান্তে ক্রিকেটারদের মুখে হাসি?

পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়ে দিয়েছে তামিমের নেতৃত্বাধীন বিসিবি।
Published By: Prasenjit DuttaPosted: 04:49 PM Sep 04, 2026Updated: 04:49 PM Sep 04, 2026

কিছুদিন আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজনের সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল। প্রতিযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন সেদেশের ক্রিকেটারেরা। বিশেষ করে যাঁরা ঘরোয়া ক্রিকেটের আয়ের উপর নির্ভরশীল, তাঁদের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। ক্ষতিপূরণ হিসাবে বোর্ডের কাছে ৩০ লক্ষ টাকা করে দাবি করেছিলেন ক্রিকেটারেরা। বিসিবি তা নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া না জানালেও অন্য পথে স্বস্তি দিয়েছে ক্রিকেটারদের। পূর্বপ্রতিশ্রুতি রক্ষা করে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়ে দিয়েছে তামিমের নেতৃত্বাধীন বোর্ড।

Advertisement

গত মে মাসেই প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ৭৫ হাজার থেকে বাড়িয়ে এক লক্ষ টাকা করেছিল বিসিবি। এবার সেই অঙ্ক আরও বাড়িয়ে করা হচ্ছে দেড় লক্ষ টাকা। অর্থাৎ, প্রথম শ্রেণির একটি ম্যাচ খেললেই আগের তুলনায় ৫০ হাজার টাকা বেশি পাবেন ক্রিকেটারেরা। ঘরোয়া ওয়ানডে ক্রিকেটেও টাকার অঙ্ক বাড়িয়ে দেওয়া হয়েছে। এত দিন ম্যাচ প্রতি ৫০ হাজার টাকা পেতেন লিটন দাস, নাজমুল হোসেন শান্তেরা। এবার থেকে তাঁরা পাবেন ১ লক্ষ টাকা। টি-টোয়েন্টি ক্রিকেটে ম্যাচ ফি দ্বিগুণ হয়ে ৪০ হাজার থেকে বেড়ে হচ্ছে ৮০ হাজার টাকা।

তবে কয়েক দিন আগেই ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে বৈঠকে ঘরোয়া ক্রিকেটের পারিশ্রমিক দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল তামিমের নেতৃত্বাধীন অ্যাডহক কমিটি। সেই প্রতিশ্রুতিই এবার রাখল বাংলাদেশের ক্রিকেট প্রশাসন। গত মাসে তামিম জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আয়োজন করে বোর্ডের লাভ হওয়াই স্বাভাবিক। সেখানে উলটে বিপুল ক্ষতি হলে গোটা পরিকাঠামো নিয়েই প্রশ্ন ওঠে। তাই তাড়াহুড়ো করে অপরিকল্পিত ভাবে ফের বিপিএল আয়োজনের কোনও অর্থ নেই। কিন্তু বিপিএল না হওয়ায় ক্রিকেটারদের একটা বড় আয়ের রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে ক্ষতিপূরণের দাবি উঠেছিল। শেষ পর্যন্ত ম্যাচ ফি বাড়িয়েই সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করল বিসিবি।

বিসিবি সভাপতি তামিম ইকবাল। ছবি সংগৃহীত।

আগামী দিনে পারিশ্রমিক আরও বাড়ানোর ইঙ্গিতও দিয়েছেন তামিম। তিনি জানিয়েছেন, "দু'বছর পর ম্যাচ ফি ফের পর্যালোচনা করা হবে। সে সময় বোর্ডের আর্থিক পরিস্থিতি অনুকূল থাকলে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।" তামিমের হিসাব, ম্যাচ ফি বৃদ্ধির ফলে একজন ক্রিকেটার বছরে প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা পর্যন্ত বেশি আয় করতে পারবেন। তবে পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি ক্রিকেটারদের কাছ থেকে আরও পেশাদার মনোভাব চান বিসিবি সভাপতি। তাঁর বক্তব্য, "ক্রিকেটারদের যে প্রত্যাশা ছিল, আমরা তা পূরণ করার চেষ্টা করেছি। এ বার তাঁদের কাছ থেকেও একই রকম দায়িত্বশীলতা আশা করছি। প্রথম শ্রেণির ক্রিকেটে পেশাদারিত্বের বিষয়ে কোনও আপস করা হবে না।"

সম্পূর্ণ ফিট না থেকেও খেলার অনুমতি চাওয়ার প্রবণতাও বন্ধ করতে চান তামিম। তাঁর কথায়, "অনেকেই পুরোপুরি ফিট না হয়েও ম্যাচে নামার অনুমতি চান। ভবিষ্যতে এই ধরনের অনুরোধ আর মেনে নেওয়া হবে না।" শুধু পুরুষ ক্রিকেট নয়, মহিলাদের ঘরোয়া ক্রিকেটেও ম্যাচ ফি বাড়িয়েছে বিসিবি। এত দিন মেয়েদের প্রথম শ্রেণির ম্যাচ হত তিন দিনের। এবার থেকে তা হবে চার দিনের। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচ ফি ২০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। ওয়ানডে ক্রিকেটে ২০ হাজার থেকে বেড়ে হয়েছে ৩০ হাজার টাকা। আর টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ১০ হাজার থেকে দ্বিগুণ করে ২০ হাজার টাকা করা হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement