shono
Advertisement
Mohammed Shami

দলীপ ফাইনালে ইতিহাসের দোরগোড়ায় শামি, জাতীয় দলে ব্রাত্য তারকাকে সম্মানিত করবে সিএবি

কী কী উপহার দেওয়া হচ্ছে শামিকে?
Published By: Arpan DasPosted: 04:48 PM Sep 04, 2026Updated: 05:53 PM Sep 04, 2026

প্রথম শ্রেণির ক্রিকেটে শততম ম্যাচ খেলতে চলেছে মহম্মদ শামি (Mohammed Shami)। জাতীয় দলে ব্রাত্য। তবে এখনও একার কাঁধে দলকে ম্যাচ জেতাতে পারেন। দলীপ ট্রফির ফাইনালে পূর্বাঞ্চলের হয়ে সেই কাজটা করে নির্বাচকদের ফের বার্তা দিতে চাইবেন বাংলার পেসার। বিসিসিআই হয়তো উচ্চবাচ্য করছে না। কিন্তু সিএবি থেকে শততম ম্যাচে বিশেষ সম্মান দেওয়া হবে। চেন্নাইয়ে এই ম্যাচের আগে সিএবি থেকে উপহার দেওয়া হবে।

Advertisement

২০১০ সালে বাংলার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় শামির। দু'বছর পর পূর্বাঞ্চলের দলীপ ট্রফি জয়ের দলেও ছিলেন। আর ১৪ বছর পর ফের দলীপের ফাইনালে পূর্বাঞ্চল। যেটা আবার শামির শততম ম্যাচ। চিপক স্টেডিয়ামে এই ম্যাচের আগে সিএবি'র তরফ থেকে একাধিক উপহার থাকছে। ভারতের প্রাক্তন অধিনায়ক তথা সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সই করা একটি বল দেওয়া হবে। তার সঙ্গে থাকবে একটি একশো লেখা জার্সি। এখানেই শেষ নয়। একটি এক কেজি ওজনের বিশেষ রুপোর স্মারক থাকবে শামির জন্য। সিএবি (CAB) থেকে উপহার নিয়ে চেন্নাইয়ে উড়ে যাচ্ছেন সিএবি কোষাধ্যজ্ঞ সঞ্জয় দাস।

প্রথম শ্রেণির ক্রিকেটে শামি ৯৯টা ম্যাচ খেলেছেন। উইকেট সংখ্যা ৩৮২। পাঁচবারের বেশি উইকেট নিয়েছেন ১৫ বার। দলীপ ট্রফির সেমিফাইনালে মধ্যাঞ্চলের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ৯০০ উইকেট শিকার করেছেন শামি। ১৪৯টি লিস্ট ‘এ’ ম্যাচে তাঁর রয়েছে ২৮৩টি উইকেট। তিনি ১৯৬টি টি-টোয়েন্টি ম্যাচে ২৩৮ জন ব্যাটসম্যানকে আউট করেছেন। এই কৃতিত্ব অর্জনকারী ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হলেন শামি। কিন্তু তারপরও কি শামিকে ব্রাত্য থাকতে হবে? এখনও তিনি বল হাতে আগুন ঝরাতে পারেন। রনজিতে বা আইপিএলে অনায়াসে উইকেট তোলেন। কিন্তু জাতীয় দলে ব্রাত্য। ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপে ডাক পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ। তবে সিএবি থেকে সম্মান দেওয়া হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement