shono
Advertisement
BCCI

শ্রীলঙ্কা সিরিজ শেষে আগরকরের সঙ্গে আলোচনায় বোর্ড, টানা বিতর্কে চাকরি যাচ্ছে নির্বাচক প্রধানের?

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে বিতর্কের শেষ নেই।
Published By: Arpan DasPosted: 11:07 AM Aug 15, 2026Updated: 11:07 AM Aug 15, 2026

ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে নিয়ে বিতর্কের শেষ নেই। বিশেষ করে রোহিত শর্মার অবসর জল্পনা নিয়ে তাঁর দিকেই আঙুল উঠেছে। এবার আগরকরের সঙ্গে আলোচনায় বসবে বিসিসিআই কর্তারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের সিরিজের পরই নির্বাচক প্রধানের সঙ্গে কথা বলবেন বোর্ড কর্তারা। সামনেই আগরকরের চুক্তির মধ্যে তিন বছর শেষ হচ্ছে। তাঁকে কি ভবিষ্যতেও দায়িত্বে দেখা যাবে? মনে করা হচ্ছে, বোর্ডের মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।

Advertisement

নিয়ম অনুযায়ী তিন বছরের চুক্তির পরও নির্বাচক প্রধানের চুক্তি একবছর বাড়ানো যেতে পারে। সেটা কি হবে? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের মতে, সেটা নিয়েই বোর্ডকর্তারা আলোচনায় বসতে পারেন। আগরকরের আমলে ভারত সাদা বলের ক্রিকেটে ভারত সাফল্য পেয়েছে। সেই তুলনায় লাল বলের ক্রিকেটে অবস্থা ততটাও ভালো নয়। তবে আগরকরকে নিয়ে মূল সমস্যা মাঠের পারফরম্যান্সে নয়, মাঠের বাইরের বিতর্কে।

শোনা যাচ্ছে, অবসর নিয়ে রোহিত শর্মার উপর যেভাবে চাপ সৃষ্টি করা হয়েছে সেটা একেবারে নাপসন্দ ভারতীয় বোর্ডের। গত মাসে লর্ডস ওয়ানডের আগে নির্বাচকদের তরফ থেকে নাকি রোহিতকে বলে দেওয়া হয়, ইংল্যান্ড সিরিজের পর তাঁকে আর খেলানো হবে না। তারপর হিটম্যান নিজেই বিসিসিআইয়ের দ্বারস্থ হন। বোর্ড কর্তাদের কাছে নালিশ করে দেন নির্বাচকপ্রধান আগরকরের নামে। এই দ্বন্দ্বে বিসিসিআই রোহিতের পাশে। এখন বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া তো বলেই দেন, "যতদিন পরিকল্পনার মধ্যে থাকবেন, রোহিত ততদিন দেশের প্রতিনিধিত্ব করবেন।" বোর্ড কর্তার এই মন্তব্যও ভালোভাবে নেননি নির্বাচকরা।

এদিকে বোর্ড চাইছে, ভিভিএস লক্ষ্মণকে 'ডিরেক্টর অফ ক্রিকেট' পদে বসাতে। পাশাপাশি জাতীয় দলের কোচিং কাঠামো নিয়েও বোর্ডের অন্দরে আলোচনা চলছে। ফলে আগরকরকে যদি একবছরের জন্য বাড়তি চুক্তি দেওয়াও হয়, তাহলে তাঁর 'মাথার উপরে' লক্ষ্মণ থাকবেন। যিনি সবপক্ষের মধ্যে সংযোগ রক্ষা করবেন। আগামী দিনে রোহিত বা বিরাট কোহলির মতো সুপারস্টারদের সঙ্গে সমন্বয়সাধন না করে চললে আগরকরের চাকরি যাওয়া একপ্রকার নিশ্চিত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement