shono
Advertisement
IPL

দুর্গাপুজোর সময় হবে আইপিএল! কেন কোটি টাকার টুর্নামেন্ট পাকাপাকি পিছনোর ভাবনা বোর্ডের?

সময়সূচি বদলাচ্ছে আইপিএলে'র! প্রথম মরশুম থেকেই আইপিএল মার্চ-মে মাসের মধ্যে হয়ে আসছে। কিন্তু আগামী মরশুমে সেটা সরে যেতে পারে সেপ্টেম্বর-অক্টোবর মাসে।
Published By: Arpan DasPosted: 12:11 PM May 27, 2026Updated: 12:11 PM May 27, 2026

সময়সূচি বদলাচ্ছে আইপিএলে'র! প্রথম মরশুম থেকেই আইপিএল মার্চ-মে মাসের মধ্যে হয়ে আসছে। কিন্তু আগামী মরশুমে সেটা সরে যেতে পারে সেপ্টেম্বর-অক্টোবর মাসে। এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তবে দীপাবলির আগে আইপিএল শেষ করার পরিকল্পনা রয়েছে বিসিসিআইয়ের। কিন্তু অক্টোবরে কলকাতায় দুর্গাপুজো থাকে। ফলে শেষ পর্যন্ত কি ওই সময় আইপিএল আয়োজন সম্ভব?

Advertisement

মাঝে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে সেপ্টেম্বর-অক্টোবর মাসে হয়েছিল আইপিএল। এখন আইপিএলে ১০টি দল খেলে। মোট ম্যাচ হয় ৭৪টি। লিগ পর্বে সব দল সবার বিরুদ্ধে খেলে না। কিন্তু ২০২৮ মরশুম থেকে ম্যাচ সংখ্যা বাড়াতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সম্প্রতি একটি সাক্ষাৎকারে আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল জানিয়েছেন, নতুন সময়ে টুর্নামেন্ট আয়োজন করা হতে পারে। আসলে মার্চ-মে মাসে প্রবল গরম থাকে। প্লেয়াররা ক্লান্ত হয়ে পড়েন। তাছাড়া সেপ্টেম্বর-অক্টোবর উৎসবের মরশুম। ওই সময় আইপিএল আয়োজন করলে বিজ্ঞাপনী সংস্থাগুলোও লাভবান হবে।

তবে এই নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ধুমাল জানান, "আমরা সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে আলোচনায় বসব। যদি অন্য সময় আইপিএল করা যায়। দিওয়ালির আগে আয়োজন করলে বিজ্ঞাপনদাতাদের সুবিধা হবে। এরপর দ্বিপাক্ষিক টেন্ডার এলে আমরা চেষ্টা করব নতুন সময় বের করার।" তবে এখনই এই নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় বিসিসিআই। তাদের উপর কোনও চাপ নেই। তাছাড়া আইসিসি'র থেকেও অনুমতি নিতে হবে। আইপিএলের সময় কোনও আন্তর্জাতিক টুর্নামেন্ট রাখে না আইসিসি।

তবে সেপ্টেম্বর-অক্টোবরে কলকাতায় দুর্গাপুজো থাকে। আগে দেখা গিয়েছে, পুজোর মরশুমে কলকাতা থেকে ফুটবলে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি সরিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে পুজোর সময় কি কলকাতায় আইপিএলের ম্যাচ আয়োজন করা সম্ভব? প্রশ্ন থেকেই যাচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement