shono
Advertisement
FIFA World Cup 2026

বিশ্বকাপের উদ্বোধনী স্টেডিয়াম থেকে পড়ে মৃত্যু ভক্তের, রোনাল্ডোর পর্তুগাল ম্যাচে ভয়ানক দুর্ঘটনা!

বিশ্বকাপের আগে এই স্টেডিয়ামে মেক্সিকোর বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল পর্তুগাল। তবে চোটের জন্য এই ম্যাচে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
Published By: Arpan DasPosted: 04:58 PM Mar 29, 2026Updated: 04:58 PM Mar 29, 2026

পর্তুগালের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে ভয়ানক দুর্ঘটনা। স্টেডিয়ামের ভিআইপি বক্স সিট থেকে পড়ে মৃত্যু এক দর্শকের। মেক্সিকোর এস্তাদিও আজটেকা বানোর্তে স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে। তার আগে এরকম ঘটনায় দর্শক নিরাপত্তা নিয়ে উদ্বেগে অনেকে।

Advertisement

বিশ্বকাপ শুরু হতে মাস তিনেক বাকি। তার আগে মেক্সিকোর ঘরের মাঠে তাদের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ছিল পর্তুগালের। মেক্সিকোর এই স্টেডিয়ামেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ হবে। সেই জন্য ৬০ বছর পুরনো আজটেকা স্টেডিয়ামকে নতুন করে সাজানো হয়েছে। পুনর্নিমাণের কিছু কাজ বাকি থাকলেও পর্তুগাল-মেক্সিকো ম্যাচের জন্য তড়িঘড়ি স্টেডিয়াম খুলে দেওয়া হয়। সেখানেই বিপত্তি।

দ্বিতীয় পর্যায়ের ভিআইপি বক্স থেকে এক ব্যক্তি দেওয়াল বেয়ে প্রথম পর্যায়ে নামার চেষ্টা করছিলেন। সেই সময় নীচে পার্কিং এলাকায় পড়ে তাঁর মৃত্যু ঘটে। চিকিৎসাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। তবে পুলিশের বক্তব্য, ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে মেক্সিকো শহরের কর্তৃপক্ষের তরফ থেকে শোকপ্রকাশ করা হয়েছে।

এই ম্যাচে চোটের জন্য খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচ গোলশূন্য ড্র হয়। রাউল গিমেনেজদের বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ মিস করেন পর্তুগালের গঞ্জালো র‍্যামোস। তবে রোনাল্ডো না থাকায় ক্ষুব্ধ মেক্সিকোর ফুটবল সমর্থকরাও। এই ম্যাচের অনেক দিন আগে থেকে এমনভাবে বিজ্ঞাপনী প্রচার চালানো হয়েছিল যেন রোনাল্ডো খেলবেন। কিন্তু হ্যামস্ট্রিংয়ের চোটে সিআর৭ ছিলেন না। ম্যাচের পর ক্ষুব্ধ মেক্সিকো সমর্থকরা বলেন, ১০ হাজার পেসোস খরচ করেও তাঁরা রোনাল্ডোর দেখা পেলেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement