আইপিএলে (IPL 2026) চ্যাম্পিয়নের মতো শুরু করেছে গতবারের চ্যাম্পিয়নরা। গত বছর যেখানে শেষ করেছিল, ঠিক সেখান থেকেই শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সানরাইজার্স হায়দরাবাদকে কার্যত উড়িয়ে দিয়েছে তারা। আরসিবি’র আকাশে আবারও ‘বিরাট’ নক্ষত্র জ্বলজ্বল করে উঠেছে। আদর্শ 'চেজমাস্টারে'র ভূমিকায় দেখা গিয়েছে কোহলিকে। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সি বিরাটের (Virat Kohli) ফিটনেস নিয়ে পঞ্চমুখ রবিচন্দ্রন অশ্বিন।
সম্প্রচারকারী চ্যানেলের 'ম্যাচ সেন্টার লাইভ'-এ তিনি বলেন, "এই বয়সেও ওকে আমার বেশ অবাক লাগে। ৪০-এর ঘরে ব্যাট করছিল। দলও ভালো জায়গায় ছিল। তবু প্রথম রান নিয়েই দ্বিতীয় রানের জন্য প্রস্তুত থাকে ও। এটাই ওর মানসিকতা। লেগ সাইডের বাউন্ডারির দৈর্ঘ্য মাত্র ৫৭ মিটার। ওই এলাকায় বল ঠেলেও সমান তালে দৌড়ায়। এমন উদ্যমই আলাদা করে চোখে পড়ে। ও কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী।"
কোহলির ব্যাটিং মানসিকতা নিয়েও আলোকপাত করেন প্রাক্তন অফ স্পিনার। "কীভাবে ক্রিকেটটা খেলা উচিত, এটা সকলকে দেখানোর জন্যই ও খেলছে মনে হয়। ও আক্রমণাত্মক, তবু নিয়ন্ত্রিত। যদি আরসিবি এভাবেই ব্যাট করে, তাহলে কোহলির পুরো ২০ ওভার ক্রিজে থাকা উচিত।" বলছেন অশ্বিন। কোহলিকে দেখে কখনও মনে হয়নি গত জানুয়ারি মাসের পর আর প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলতে দেখা যায়নি তাঁকে। প্রয়োজনে ধরে খেললেন। আবার প্রয়োজনে হাত খুলে মারলেন। এটাই যেন তাঁর রসায়ন।
অন্যদিকে, বল হাতেও ম্যাচের মোড় ঘোরান জ্যাকব ডাফি। ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষের টপ অর্ডার ভেঙে দেন তিনি। তাঁর পারফরম্যান্স নিয়ে অশ্বিনের মন্তব্য, "ডাফিকে দলে নেওয়ার সময়ই বলেছিলাম, এটা অসাধারণ সিদ্ধান্ত। ও দুই দিকেই বল সুইং করাতে পারে। এই ম্যাচে পরিস্থিতি বুঝে বোলিং করেছে। শুরুতে একটু মার খেলেও দ্রুত লাইন-লেংথ বদলে দারুণভাবে ঘুরে দাঁড়ায়।" উল্লেখ্য, হায়দরাবাদ বোলিংয়ে শাসন করলেন ৩৮ বলে অপরাজিত ৬৯ রানের দুরন্ত ইনিংসে। বাউন্ডারি-ওভার বাউন্ডারি পাঁচটা করে। ৩৩ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে পরের পাঁচ বলে করেন আরও ১৯ রান। আর যা দেখে মুগ্ধ অশ্বিন।
