বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রচণ্ড উদ্বেগের মুহূর্ত। একটু এদিক থেকে ওদিক হলে ম্যাচের ফল বদলে যেতে পারে। সেখানে মারাত্মক ভুল করে বসেন কুলদীপ যাদব। তারপর কুলদীপের উপর রেগে আগুন ভারতের তৎকালীন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব। এতদিন পর সেই কাহিনি ফাঁস করলেন সূর্য।
চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা। পাকিস্তানের বিরুদ্ধে অনায়াসে জেতে ভারত। কিন্তু পাকিস্তানের ইনিংসের শেষের দিকে বড়সড় ভুল করে বসেন কুলদীপ। ম্যাচের পর সূর্য যা করেন, তা ভাইরাল হয়ে যায়। কী ঘটেছিল সেদিন? সূর্য বলেন, "ম্যাচে একটা সময় কুলদীপকে বল দেওয়ার আর কোনও উপায় ছিল না। তাতে ওর কিছুটা মনখারাপ হয়। ও বল করতে চেয়েছিল। তখন অক্ষর প্যাটেলের ওভার হয়ে গিয়েছে। তারপর তিলক বর্মা, বরুণ চক্রবর্তী ও হার্দিক পাণ্ডিয়াকে দিয়ে বল করালাম। আর তখন কুলদীপ এমন ভাব করছিল, 'কেন আমাকে বল দেওয়া হল না?"
এখানেই শেষ নয়। সূর্যর সংযোজন, "ম্যাচে একটা ক্যাচের সুযোগ ছিল। কুলদীপ তখন লং-অনে ছিল। ও খুব হালকাছলে ক্যাচ নিতে দৌড়য়। ওর দক্ষতা অনুযায়ী ক্যাচটা সহজই ছিল। কিন্তু সেই ক্যাচটা মিস করে। আমি তখন খুব রেগে গিয়েছিলাম। যদি ও চেষ্টা করে ক্যাচ মিস করত, তাহলে অসুবিধা ছিল না। কিন্তু কুলদীপ সেটাও করেনি। ম্যাচের পর আমি ওর দিকে রাগী চোখে তাকাই। ওর মুখও রাগে লাল হয়ে যায়। আমি তাতে আরও রেগে যাই। পরে সেরকম একটা রিল তৈরি করি।"
ওই ম্যাচে শুধু সূর্য নয়, হার্দিকের থেকেও ধমক খান কুলদীপ। ভারতীয় ক্রিকেটাররা যখন নিজেদের মধ্যে হাত মেলাচ্ছেন, তখন হার্দিককে দেখা যায় কুলদীপের হাত ধরে তুমুল বকুনি দিতে। বাধ্য ছেলের মতো মন দিয়ে শুনছিলেন কুলদীপ। পরে অবশ্য রিঙ্কু সিং গিয়ে হার্দিককে সরিয়ে আনেন।
