সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এক সপ্তাহের মধ্যেই নতুন ইনিংস শুরু করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অজিঙ্ক রাহানে। ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) প্রথম সংস্করণে আমস্টারডাম ফ্লেমসের 'মার্কি' ক্রিকেটার হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ২৬ আগস্ট থেকে শুরু হবে নতুন এই প্রতিযোগিতা।
৩০ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছিলেন রাহানে। ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। শেষবার জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ২০২৩ সালের জুলাইয়ে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। এবার নতুন দায়িত্ব নিয়ে রাহানে বলেছেন, "ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। সব সময় মনে করি, এই খেলার প্রতি আমাদেরও দায়িত্ব আছে। ইউরোপের ক্রিকেটের সামনে এখন নতুন সুযোগ এসেছে। আমস্টারডাম ফ্লেমসের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ভাবনা আমাকে মুগ্ধ করেছে। আমি শুধু একটি সফল দল গড়তে চাই না, নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে ইউরোপে ক্রিকেটকে আরও শক্ত জায়গায় নিয়ে যেতে চাই।"
বর্তমানে ইংল্যান্ডে 'দ্য হান্ড্রেড'-এ ধারাভাষ্য দিচ্ছেন রাহানে। আমস্টারডাম ফ্লেমসের অন্যতম প্রতিষ্ঠাতা ও চিফ ক্রিকেট অফিসার স্টিভ ওয়া রাহানেকে স্বাগত জানিয়ে বলেছেন, "ও এমন একজন ক্রিকেটার, যার মধ্যে দক্ষতা রয়েছে। ধৈর্যও অপরিসীম। নেতৃত্ব দেওয়ারও গুণ রয়েছে। কঠিন পরিস্থিতিতে ও শান্ত থাকে। দলকে দারুণভাবে নেতৃত্ব দিতে দেখেছি। ওর অভিজ্ঞতা আমাদের ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।"
আইপিএলে ২১২টি ম্যাচে ৫,৩৬৭ রান করেছেন রাহানে। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে শিরোপা জেতার পাশাপাশি ২০২৫ ও ২০২৬ মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছেন তিনি। ইটিপিএলের অন্যতম মালিক অভিষেক বচ্চন বলেন, "রাহানের মতো ক্রিকেটারের যোগদান শুধু আমস্টারডাম ফ্লেমস নয়, গোটা ইটিপিএলের জন্যই গুরুত্বপূর্ণ। তাঁর মতো ক্রিকেটার প্রতিযোগিতার মান বাড়ানোর পাশাপাশি ইউরোপের তরুণ ক্রিকেটারদের অনুপ্রাণিত করবেন।" আমস্টারডাম ফ্লেমসের সিইও টিম থমাসের কথায়, "রাহানের সই আমাদের ক্লাবের ইতিহাসে এক মাইলফলক।"
